Aaj India Desk, কলকাতা: পুলিশ পর্যবেক্ষক পি.এস পুরুষোত্তম দাস (Purushottam Das)-কে সরানোর দাবিতে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)-এর দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। ডায়মন্ড হারবার, ফলতা, মগরাহাট পূর্ব ও পশ্চিম কেন্দ্রের দায়িত্বে থাকা ওই পর্যবেক্ষকের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে মামলা করা হয়েছে বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে।
তৃণমূলের দাবি, গত ২১ এপ্রিল তারা লিখিতভাবে নির্বাচন কমিশন (ECI)-এর কাছে অভিযোগ জানিয়েছিল। কিন্তু কোনও উত্তর না মেলায় আদালতের দ্বারস্থ হতে হয়। মামলার শুনানিতে বিচারপতি নির্দেশ দেন, তৃণমূলের অভিযোগের বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে কমিশনকে লিখিত জবাব দিতে হবে।
শুনানিতে তৃণমূলের আইনজীবী মৈনাক বসু জানান, মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী গৌর ঘোষ এবং ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদারের সঙ্গে ওই পর্যবেক্ষক একটি হোটেলে বৈঠক করেছিলেন। অভিযোগ, কমিশনকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
অন্যদিকে, নির্বাচন কমিশনের আইনজীবী জিষ্ণু চৌধুরী বলেন, পর্যবেক্ষকরা কমিশনের ‘চোখ ও কান’। ভোটের পরিস্থিতি বুঝতে রাজনৈতিক দলের প্রার্থীদের সঙ্গে তাঁদের কথা বলতেই হয়। তিনি আরও জানান, বৈঠকটি কোনও গোপন জায়গায় হয়নি, নির্ধারিত স্থানেই হয়েছিল এবং সেখানে সিসিটিভিও ছিল। তৃণমূলের অভিযোগের জবাবে কমিশনের পক্ষ থেকে বলা হয়, “যদি কেউ রঙিন চশমা পরে থাকে, তাহলে তার কাছে সবকিছুই রঙিন দেখাবে।” কমিশনের আইনজীবী আদালতে আরও জানান, ওই হোটেলে কমিশনের অন্যান্য কর্মীরাও ছিলেন।
দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দেন, তৃণমূল কংগ্রেস যে অভিযোগ তুলেছে, তার বিস্তারিত লিখিত জবাব আগামী ২৪ ঘণ্টার মধ্যে আদালতে জমা দিতে হবে কমিশনকে।


