নয়াদিল্লি: বৃহস্পতিবার রাজ্যে ১৬টি জেলা জুড়ে চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (west bengal assembly election 2026) প্রথম দফার ভোট। এর মধ্যেই কয়লা পাচার মামলায় আই-প্যাকের অন্যতম পরিচালক বিনেশ চান্ডেলকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিল দিল্লির আদালত। একই সঙ্গে তাঁর জামিনের আবেদনের প্রেক্ষিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে জবাবদিহির নির্দেশ দিয়েছে আদালত।
দিল্লি আদালত আজ আই প্যাকের ( I-Pac) অন্যতম পরিচালক বিনেশ চান্ডেলকে ১৪ দিন বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয়। নির্দেশের পরই তিনি আগাম জামিনের আবেদন জানান পাতিয়ালা হাউস আদালতে। কিন্তু অতিরিক্ত সেশন বিচারপতি ধীরেন্দ্র রানা দ্রুত ওই আবেদনের উপর নোটিশ জারি করে ইডিকে জবাব দিতে বলেন।
উল্লেখ্য, এর আগে ১০ দিন বিনেশ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) হেফাজতে ছিলেন। ED সূত্রে দাবি, কয়লাচুরি সংক্রান্ত অর্থ লেনদেনের তদন্তে বিনেশ চান্ডেলের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। ফলে গত ২ এপ্রিল তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। তদন্তকারীদের দাবি, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও নথি উদ্ধার হয়। এর ভিত্তিতেই ১৪ এপ্রিল তাঁকে গ্রেপ্তার করে ED।
সংস্থার অভিযোগ, বিপুল অঙ্কের হিসেব বহির্ভূত লেনদেনে যুক্ত ছিলেন তিনি। পাশাপাশি তদন্তে বাধা দিতে ইমেইল ও অন্যান্য ডিজিটাল তথ্য মুছে ফেলার চেষ্টা করেছেন বলেও অভিযোগ তদন্তকারীদের। আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) জানায় সাক্ষ্যপ্রমাণ রক্ষা করতে এবং এই মামলায় জড়িত অন্যান্য ব্যক্তিদের নাগাল পেতেই এই গ্রেপ্তারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
আদালত সূত্র অনুযায়ী, আগামী ২৯ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে। ওইদিন বাংলায় বিধানসভার দ্বিতীয় দফার ভোট চলবে। আদালত ওই দিন উভয় পক্ষের বক্তব্য শুনে বিণেশের জামিন মঞ্জুর হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেবে। প্রয়োজনে হেফাজতের মেয়াদ বাড়ানোও হতে পারে বলে সতর্ক করেছে আদালত।


