Aaj India Desk,পূর্ব মেদিনীপুর: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রথম দফার ভোটগ্রহণ চলাকালীন পূর্ব মেদিনীপুরের পটাশপুরে মর্মান্তিক ঘটনা ঘটে। ভোটের লাইনে দাঁড়িয়েই মৃত্যু হল এক বিজেপি কর্মীর। মৃতের নাম নিপেন্দ্রনাথ দাস (৬২)। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে পটাশপুর বিধানসভার ২৩৪ নম্বর বামুনবাড় বুথে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি। সেই সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন এবং মাটিতে লুটিয়ে পড়েন বলে। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের দাবি, সকালে ভোট দিতে বেরিয়েছিলেন নিপেন্দ্রনাথবাবু। ভোট দেওয়ার আগেই এমন মর্মান্তিক পরিণতি কেউ কল্পনাও করতে পারেননি।
খবর পেয়ে মৃত বিজেপি (BJP) কর্মীর বাড়িতে ছুটে যান পটাশপুর বিধানসভার বিজেপি প্রার্থী তপন মাইতি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি এবং শোকপ্রকাশ করেন। পাশাপাশি প্রশাসনের কাছে পরিবারের পাশে দাঁড়ানোর আবেদন জানান। বিজেপির তরফে দাবি করা হয়েছে, দলীয় একনিষ্ঠ কর্মীকে হারিয়ে তারা গভীরভাবে মর্মাহত।
এদিকে আজ বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর-সহ মোট ১৬টি জেলার ১৫২টি বিধানসভা আসনে ভোট চলছে কড়া নিরাপত্তার মধ্যে। বহু জায়গাতেই সকাল থেকে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়েছে। কোথাও কোথাও ইভিএম (EVM) বিভ্রাটের অভিযোগ উঠলেও বেশিরভাগ জায়গাতেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।


