Aaj India Desk, বীরভূম : প্রথম দফার ভোটেই বিড়ম্বনা। বৃহস্পতিবার বাংলায় ১৬ টি জেলায় শুরু হয়েছে বিধানসভার প্রথম দফার ভোট। বীরভূমে (Birbhum) সকাল ৭ টা থেকে ভোট শুরু হওয়ার পরেই শুরু হয় তীব্র উত্তেজনা।
প্রথম দফার ভোটগ্রহণ শুরু হতেই বীরভূমের (Birbhum) একাধিক জায়গায় ইভিএম বিকল হওয়ার অভিযোগ উঠতে শুরু করে। বীরভূম জেলার সিউড়ির ১৩৫ ও ১৫৯ নম্বর বুথে ইভিএম বিকল হয়ে যায়। একই সঙ্গে বোলপুর বিধানসভার ১৬১ নম্বর বুথেও দীর্ঘক্ষণ ইভিএম সমস্যার কারণে ভোটগ্রহণ বন্ধ রাখতে হয়।
দীর্ঘক্ষণ বুথের গেটে দাঁড়িয়ে থেকে চূড়ান্ত অসন্তুষ্ট হন ভোটাররা। প্রায় দেড় ঘণ্টা তীব্র রোদে দাঁড়িয়ে থেকেও সেক্টর অফিসারের থেকে কোনো সাহায্য না পাওয়ায় শুরু হয় ঝামেলা।
ভোটাররা ক্ষোভে ফুঁসে উঠতেই পরিস্থিতি সামাল দিতে বীরভূমের (Birbhum) ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। এসডিপিও রিকি আগরওয়ালের নেতৃত্বে নিরাপত্তা জোরদার করা হয়। পরে মেশিন ঠিক হলে প্রায় দু ঘন্টা বাদে ভোট প্রক্রিয়া পুনরায় শুরু হয়।
অন্যদিকে বাঁকুড়াতেও একই চিত্র দেখা যায়। বাঁকুড়ার সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠে দীর্ঘক্ষণ EVM বিকল থাকায় ভোটগ্রহণ শুরু হয় বেশ দেরিতে। সাথে রায়পুর ও সোনামুখীর দুটি বুথের EVM ও বিকল থাকায় সেখানেও ভোট শুরু হতে ঘণ্টাখানেক দেরি হয়।
যদিও অভিযোগ পেতেই কমিশন দ্রুত ব্যবস্থা নেয়। বর্তমানে প্রতিটি কেন্দ্রেই সুষ্ঠু নির্বাচন হচ্ছে বলে জানিয়েছে কমিশন।
উল্লেখ্য, বাঁকুড়া জেলায় ২৭২৭টি ভোটগ্রহণ কেন্দ্র এবং ৩৬৪৩টি বুথে মোতায়েন রয়েছে ১৫১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে বীরভূমে ২২৮৯টি ভোটগ্রহণ কেন্দ্র এবং ৩২৫৬টি বুথে মোতায়েন ১৭৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ফলে দুই জেলায় যাতে নির্বাচন সুষ্ঠু ও নিরাপদে সম্পন্ন হয় তার জন্য যথাযথ প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। এখন দেখার যে শেষ পর্যন্ত অর্থাৎ আজ ৬ টা পর্যন্ত মানুষ কতটা সুষ্ঠু ভাবে এই জেলায় ভোট গ্রহণ করতে পারেন।


