Aaj India Desk, কলকাতা: পশ্চিমবঙ্গের ভোটের আবহে উত্তাপ যখন চূড়ান্তে, তখনই নতুন মোড়। প্রায় ৮০০ তৃণমূল কর্মী গ্রেফতার হতে পারেন এই আশঙ্কা তুলে সরাসরি হাইকোর্টের দ্বারস্থ হলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। নির্বাচনের আগে এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা।
তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) এবার সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ। তাঁর অভিযোগ, জাতীয় নির্বাচন কমিশনের তরফে পুলিশের মাধ্যমে প্রায় ৮০০ তৃণমূল কর্মীর একটি তালিকা চিহ্নিত করা হয়েছে, যাদের গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা।এই পরিস্থিতিতে তিনি প্রধান বিচারপতি সুজয় পালের দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন। পাশাপাশি, দ্রুত শুনানির আবেদনও জানিয়েছেন, যাতে বিষয়টি বিলম্ব না হয়ে তাড়াতাড়ি নিষ্পত্তির পথে এগোয়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সতর্কবার্তা
এদিকে, ভোটের আবহ গরম হওয়ার মধ্যেই আগাম সতর্কবার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রায় সপ্তাহখানেক আগে পূর্ব বর্ধমান ও বাঁকুড়ার জনসভা থেকে তিনি তৃণমূল কর্মীদের বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেন। তাঁর আশঙ্কা, ভোটের কয়েকদিন আগে থেকেই পরিকল্পিতভাবে অভিযান চালিয়ে কর্মীদের আটক করার চেষ্টা হতে পারে।মুখ্যমন্ত্রী সরাসরি কর্মীদের উদ্দেশে স্পষ্ট বার্তা দেন ভোটের আগে থেকে শুরু করে ভোট চলাকালীন পুরো সময়টাই যেন বাড়তি সতর্কতায় কাটানো হয়। একইসঙ্গে তিনি বিজেপি (Bharatiya Janata Party)-র বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলে দাবি করেন, বিপুল অর্থব্যয় করে ভোটে প্রভাব খাটানোর চেষ্টা চলছে। তাঁর অভিযোগে উঠে আসে ভোটারদের ভয় দেখানো, বিরোধী কর্মীদের নিশানা করা এবং প্রশাসনিক ব্যবস্থাকে ব্যবহার করার মতো বিষয়ও।
পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের সভা থেকে তিনি বলেন, “আরও ১৫-২১ দিন সতর্ক থাকুন। তারপর আমরা লড়ব, এবং আবার জিতব।”তাঁর কথায় ইঙ্গিত, বিরোধীরা পরাজয়ের আশঙ্কাতেই এমন পদক্ষেপ নিচ্ছে। এখন নজর কলকাতা হাইকোর্ট ( Calcutta High Court) -এর দিকে আইনজীবী ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)-এর আবেদন মেনে আদালত মামলা দায়েরের অনুমতি দেয় কি না, সেটাই দেখার।


