Aaj India Desk, হাওড়া : আগামী ২৩ শে এপ্রিল বঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট শুরু হবে। তার আগেই প্রবীণ ও প্রতিবন্ধীদের ভোট সংগ্রহের কাজ শুরু হয়ে গিয়েছে। এর মধ্যেই ৮৫ বছরের বেশি বয়স্ক ভোটারদের বাড়ি গিয়ে ভোট সংগ্রহের সময় ব্যালট সংরক্ষণ (Ballot Security) নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে হাওড়ার বালিতে।
ব্যালট সংরক্ষণে গাফিলতির অভিযোগ
অভিযোগ অনুযায়ী, নির্বাচন কমিশনের কর্মী, পোলিং স্টাফ ও সিআরপিএফ জওয়ানরা বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহের পর ব্যালট যথাযথভাবে সংরক্ষণ (Ballot Security) করছেন না। অনেক ক্ষেত্রে ব্যালট খামে ভরে বাক্সে ফেলা হলেও সেই বাক্স সঠিকভাবে সিল করা হচ্ছে না বলে অভিযোগ। কিছু ক্ষেত্রে ব্যালট খামে ভরে ব্যাগে করে নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে, যা নিয়ে ভোটাধিকার নিরাপত্তা প্রশ্নে উদ্বেগ তৈরি হয়েছে।
ব্যালট ছিনতাই হওয়ার আশঙ্কা
রবিবার বালিতে সিপিএমের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে সিপিএম প্রার্থী শঙ্কর মৈত্র বলেন, “যদি ব্যালট ডাফেল ব্যাগে করে নিয়ে যাওয়া হয়, তাহলে পথে তা ছিনতাই হওয়ার আশঙ্কা থাকে। সঠিকভাবে সিল করা ব্যালট বাক্সেই তা রাখা উচিত। অনেক ক্ষেত্রে বাক্স লক করা হলেও তা যথেষ্ট নিরাপদ নয়। ভোটারদের ব্যালট পড়ে যেতে পারে।” তিনি আরও জানান, বিষয়টি নিয়ে ইতিমধ্যে সিপিএম এর তরফে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ অস্বীকার চিফ ইলেক্টোরাল অফিসারের
অন্যদিকে এ বিষয়ে হাওড়ার জেলা শাসক ও চিফ ইলেক্টোরাল অফিসার পি. দীপাপ প্রিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, “সব জায়গাতেই আমরা বাক্স সিল করেছি। এই ধরনের কোনও ঘটনা ঘটেনি। তবে নির্দিষ্ট অভিযোগ জানালে আমরা অবশ্যই তদন্ত করব।”
বয়স্ক ভোটারদের জন্য বাড়িতে গিয়ে ভোট সংগ্রহের বিশেষ ব্যবস্থাকে কেন্দ্র করে এই অভিযোগ নতুন করে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। এখন ব্যালট সংরক্ষণ ও নিরাপত্তা (Ballot Security) নিয়ে কমিশনের তদন্তের দিকেই নজর সিপিএমের।


