Aaj India Desk, জলপাইগুড়ি : বাংলা নববর্ষের দিনও বঙ্গে তুঙ্গে রাজনৈতিক তাপ। এর মধ্যেই জলপাইগুড়ির জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) আসন্ন বিধানসভা ভোটে পদ্ম শিবিরকে জয়ী করে রবি ঠাকুরের ‘সোনার বাংলা’ গঠনের ডাক দিলেন।
সাতটি আসনে জেতানোর ডাক
জলপাইগুড়ির জনসভা থেকে অমিত শাহ (Amit Shah) বলেন, “এখানকার সাতটি আসনই মোদীজিকে দিন। জলপাইগুড়ি থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় শুরু হবে।” সাথে তিনি ভোটারদের উদ্দেশে পদ্ম প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। সভায় অমিত শাহ বলেন, “পদ্ম প্রতীকে ভোট দিন, তৃণমূলের গুন্ডাদের আমরা খুঁজে নেব।”
নববর্ষের প্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার বাংলা’-র উল্লেখ করে শাহ উন্নয়ন ও পরিবর্তনের বার্তা দেন। তিনি দাবি করেন, রাজ্যে উন্নয়ন আনতে বিজেপিকে ক্ষমতায় আনা প্রয়োজন। সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে কড়া সুরে আক্রমণ শানান শাহ। তিনি অভিযোগ করেন, রাজ্যে রাজনৈতিক হিংসা রয়েছে এবং বিরোধীদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।
উত্তরবঙ্গে চারটি সভা
উল্লেখ্য, আজ অমিত শাহ (Amit Shah) উত্তরবঙ্গে চারটি জনসভা করছেন। দার্জিলিংয়ের লেবং গ্রাউন্ডে সকাল ১১:৩০টায় প্রথম সভা, তারপর জলপাইগুড়ির রাজগঞ্জ, আলিপুরদুয়ারের ফালাকাটা এবং কোচবিহারের তুফানগঞ্জে সভা অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আজ উত্তরবঙ্গে জনসভা ও নির্বাচনী প্রচারে বেড়িয়েছেন। ফলে উত্তরবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে উত্তাপ ক্রমশ বাড়ছে।
সব মিলিয়ে, বাংলা নববর্ষের মতো সাংস্কৃতিক আবহকেও এবার রাজনৈতিক বার্তা দেওয়ার গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে ব্যবহার করল বিজেপি নেতৃত্ব। উত্তরবঙ্গ, বিশেষত জলপাইগুড়ি, দার্জিলিং ও কোচবিহারকে ঘিরে শাসক ও বিরোধী শিবিরের তৎপরতা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে এই অঞ্চলই আসন্ন বিধানসভা নির্বাচনের অন্যতম নির্ণায়ক ক্ষেত্র হতে চলেছে। অমিত শাহর বক্তব্যে যেমন পরিবর্তনের বার্তা উঠে এসেছে, তেমনই তৃণমূলের পক্ষ থেকেও পাল্টা প্রচার জোরদার হচ্ছে। ফলে ভোটের আগে উত্তরবঙ্গে রাজনৈতিক লড়াই যে আরও তীব্র হবে, তা বলাই যায়।


