Aaj India Desk,নয়াদিল্লি : পশ্চিম এশিয়ার অস্থিরতার জেরে আগে থেকেই প্রিমিয়াম পেট্রোলের দামে আগুন লেগেছিল। এবার সেই ধাক্কা এসে পড়ল ডিজেলেও। শিল্পক্ষেত্রে ব্যবহৃত ডিজেলের দামে এক লাফে বড়সড় বৃদ্ধি সূত্রের দাবি, ২৫ শতাংশেরও বেশি বাড়িয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।
এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়তে পারে উৎপাদন খরচে, ফলে একাধিক শিল্পখাতে পণ্যের দাম বাড়ার আশঙ্কা বাড়ছে। যদিও আপাতত স্বস্তির খবর, সাধারণ মানুষের ব্যবহৃত পেট্রোল ও ডিজেলের খুচরো দামে কোনও পরিবর্তন হয়নি।রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির বড়সড় সিদ্ধান্তে শিল্পক্ষেত্রে জ্বালানির খরচে বাড়তি চাপ তৈরি হল।ভারতীয় তেল নিগম লিমিটেড ( Indian Oil Corporation Limited) এবং ভারত পেট্রোলিয়াম নিগম (Bharat Petroleum Corporation)-এর মতো সংস্থাগুলি শিল্পে ব্যবহৃত ডিজেলের দামে এক ধাক্কায় বৃদ্ধি করেছে।
সূত্রের খবর, লিটার প্রতি ডিজেলের দাম বেড়েছে ২৮ টাকা ২২ পয়সা যা আগের তুলনায় ২৫ শতাংশেরও বেশি। ফলে বর্তমানে শিল্পক্ষেত্রে ব্যবহৃত ডিজেলের দাম দাঁড়িয়েছে ১৩৭ টাকা ৮১ পয়সা প্রতি লিটার। এই বৃদ্ধি মূলত হাই-স্পিড ডিজেল (HSD)-এর ক্ষেত্রে প্রযোজ্য, যা সরাসরি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়।সংস্থাগুলির যুক্তি, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে অপরিশোধিত তেলের দামে ঊর্ধ্বগতি এই কারণেই এমন সিদ্ধান্ত। পাশাপাশি, ফার্নেস তেলের দামও লিটার প্রতি ২৩ টাকা ৭৭ পয়সা বাড়ানো হয়েছে।তবে আশ্বাস দেওয়া হয়েছে, জ্বালানির সরবরাহে কোনও ঘাটতি হবে না সরবরাহ ব্যবস্থা স্বাভাবিকই থাকবে।
মাত্র দুসপ্তাহের ব্যবধানে শিল্পক্ষেত্রে ব্যবহৃত ডিজেলের দামে আবারও বড়সড় ঝাঁকুনি। এই সময়ের মধ্যেই এটি দ্বিতীয় দফার মূল্যবৃদ্ধি।এর আগে ২০ মার্চ, দিল্লিতে শিল্প ডিজেলের দাম ৮৭ টাকা ৬৭ পয়সা থেকে একলাফে বেড়ে হয়েছিল ১০৯ টাকা ৫৯ পয়সা অর্থাৎ প্রায় ২২ টাকার বৃদ্ধি। সেই ধারাবাহিকতা তেই ফের দাম বাড়ায় শিল্পমহলে চাপ আরও বাড়ল।একই সময়ে প্রিমিয়াম পেট্রোলের দামও লিটার প্রতি ২ টাকা করে বাড়ানো হয়েছে।বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি ১০৮.৪০ মার্কিন ডলারে পৌঁছনোই এই লাগাতার মূল্যবৃদ্ধির মূল কারণ।


