30 C
Kolkata
Tuesday, August 25, 2026
spot_img

রাতে দুর্ঘটনা কমাতে গাড়ির হেডলাইটে নতুন নিয়ম, কী কী বদলাচ্ছে জানুন

Aaj India Desk, কলকাতা: রাতে গাড়ি চালানোর সময় অনেকেরই সামনে থেকে আসা গাড়ির তীব্র হেডলাইটে চোখ ধাঁধিয়ে যায়। ফলে কয়েক সেকেন্ডের জন্য রাস্তা ঠিকমতো দেখা যায় না, বাড়ে দুর্ঘটনার আশঙ্কাও। এই সমস্যা কমাতেই এবার গাড়ির হেডলাইট নিয়ে নিয়ম বদলের পথে কেন্দ্র। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক ‘সেন্ট্রাল মোটর ভেহিক্যালস রুলস’-এ বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব দিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হতে পারে।

নতুন বাইকে অটোমেটিক হেডলাইটে শুধু লো-বিম

নতুন তৈরি বাইকের ক্ষেত্রে অটোমেটিক হেডলাইট ব্যবস্থায় বদল আসতে পারে। বর্তমানে অটোমেটিক সিস্টেমে কখনও হাই-বিম, কখনও লো-বিম জ্বলে উঠতে পারে। নতুন প্রস্তাব কার্যকর হলে অটোমেটিক মোডে শুধু লো-বিমই জ্বলবে। এই নিয়ম অবশ্য নতুন করে তৈরি হওয়া দুই চাকার গাড়ির জন্য প্রযোজ্য হবে।

কমবে হাই-বিমের আলোর ঝাঁঝ

হেডলাইট কতটা তীব্র হতে পারবে, তার সীমাও কমানোর কথা বলা হয়েছে। বাইকের হাই-বিমের সর্বোচ্চ তীব্রতা ১.৫ লাখ ক্যান্ডেলা থেকে কমিয়ে ১ লাখ ক্যান্ডেলা করার প্রস্তাব রয়েছে। চার চাকার গাড়ির ক্ষেত্রে ২.২৫ লাখ ক্যান্ডেলার জায়গায় সর্বোচ্চ সীমা ১.৫ লাখ ক্যান্ডেলা করার কথা বলা হয়েছে।

শুধু আলো কতটা জোরে জ্বলবে তা নয়, আলোর রঙ নিয়েও নিয়ম আসতে পারে। হেডলাইটের কালার টেম্পারেচার সর্বোচ্চ ৬,৫০০ কেলভিন রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি মেইন-বিম যে উচ্চতায় বসানো হবে, সেটিও লো-বিমের উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে।

শহরে হাই-বিম জ্বালালেই বাজবে সতর্কবার্তা

শহরের রাস্তায় অকারণে হাই-বিম ব্যবহার আটকাতে গাড়িতে অডিও অ্যালার্ট চালুর পরিকল্পনাও রয়েছে। শহর এলাকায় চালক নিজে হাই-বিম জ্বালালে গাড়ি থেকে সতর্কবার্তা শোনা যেতে পারে। তবে জাতীয় সড়কে গাড়ির গতি ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি থাকলে এই অ্যালার্ট বাজবে না।

ট্রাক-বাসেও নজর

বড় গাড়িগুলিকে রাতে সহজে চেনার জন্য বাস, ট্রাকসহ ভারী যানবাহনে নির্দিষ্ট মানের আসল রিফ্লেক্টিভ টেপ ব্যবহার বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে। অন্ধকার রাস্তা বা খারাপ আবহাওয়াতেও যাতে দূর থেকে এসব গাড়ি দেখা যায়, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা।

লো-বিম ব্যবহারের জন্য দীর্ঘদিন ধরে চালকদের সচেতন করা হলেও খুব একটা পরিবর্তন দেখা যায়নি। তাই এবার সরাসরি নিয়ম বদলের মাধ্যমে তীব্র হাই-বিমের ব্যবহার নিয়ন্ত্রণ করতে চাইছে সরকার। নতুন নিয়ম চালু হলে রাতে গাড়ি চালানোর সময় চোখে হঠাৎ তীব্র আলো পড়ার সমস্যা কমবে এবং সড়ক দুর্ঘটনা কমাতেও সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন