নয়াদিল্লি: “এবার নতুন খেলার সুযোগ”! জল্পনা সত্যি করে গেরুয়া শিবিরে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন অলিম্পিক পদকজয়ী প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ (Leander Paes)। বুধবার দিল্লির বিজেপি দফতরে পদ্ম-পতাকা হাতে নিয়ে পেজ বলেন, “৪০ বছর দেশের জন্য খেলেছি। এবার নতুন খেলার সুযোগ পেলাম। দেশসেবার কাযে দেশের যুব সম্প্রদায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব”।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। সুকান্ত বলেন, পশ্চিমবঙ্গের সংস্কৃতির সঙ্গে লিয়েন্ডার পেজের (Leander Paes) নাম নিবিড়ভাবে জড়িত। তিনি বলেন, লিয়েন্ডারের মা কবি মাইকেল মধুসূদন দত্তের বংশধর।
লিয়েন্ডার পশ্চিমবঙ্গের একজন গর্বের প্রতিভা, যিনি লন টেনিসে অসামান্য সাফল্য অর্জন করেছেন এবং দেশের যুবসমাজকে এই খেলায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করেছেন। তাঁর খেলার ছবি ও ম্যাচ দেখে বহু বাঙালি তরুণ-তরুণী বড় হয়ে উঠেছে। সুকান্তের মতে, লিয়েন্ডারের (Leander Paes) বিজেপিতে যোগদান পশ্চিমবঙ্গ বিজেপির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত।
নিউ টাউনের হোটেলেই…
প্রসঙ্গত, গত ২৪ মার্চ বিজেপির সর্বভারতীয় সাধারণ সভাপতির সঙ্গে নিউ টাউনের একটি হোটেলে গেরুয়া শিবিরে পেজের (Leander Paes) যোগদানের কথা পাকাপাকি হয়ে গিয়েছিল বলে সূত্রের খবর। সেখানে বিজেপি নেতাদের সঙ্গেও দেখা করেছিলেন প্রাক্তন টেনিস তারকা।
তৃণমূলের কটাক্ষ
X Link: https://x.com/AITCofficial/status/2038889808551121299
ভোটের মুখে এই যোগদান নিয়ে ফের সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সমাজমাধ্যমের পোস্টে ফের বাংলা-বাঙালি আবেগকে উস্কানি দিয়েছে তৃণমূল কংগ্রেস। পোস্টে লেখা হয়, “বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। অভিনন্দন! আপনারা অবশেষে গোয়ার পরবর্তী মুখ্যমন্ত্রী প্রার্থী খুঁজে পেলেন। পশ্চিমবঙ্গে ফের এক বহিরাগতকে নামাল বিজেপি!”


