Aaj India Desk, জলপাইগুড়ি: জলপাইগুড়ি (Jalpaiguri ) শহরের মোহিতনগর এলাকায় একটি বাড়ির মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, মন্দিরে থাকা দেবী মঙ্গলচণ্ডীর বিগ্রহ থেকে প্রচুর সোনার গয়না চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মন্দিরে থাকা তিনটি সোনার হার, চিক, কোমরবন্ধ, টিকলি, কানের দুল, বাঘের গলায় থাকা ঘণ্টা এবং লক্ষ্মীর বিগ্রহে থাকা সোনার হারসহ একাধিক গয়না চুরি হয়ে গেছে। চুরি যাওয়া গয়নার মোট মূল্য প্রায় ৭ লক্ষ টাকা বলে দাবি করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ (Kotwali Police) । ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। মন্দিরে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে জলপাইগুড়ি (Jalpaiguri ) – তে চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে চলেছে। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের বিভিন্ন এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে এবং একাধিক জায়গায় নাকা চেকিং চালানো হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।


