Aaj lndia Desk, কলকাতা: আসন্ন নির্বাচনকে সামনে রেখে শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে রবিবার থেকে বিশেষ টহল শুরু করতে চলেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। গত নির্বাচনে যে সব এলাকায় অশান্তি বা ভোট – সংক্রান্ত হিংসার ঘটনা ঘটেছিল, সেগুলি চিহ্নিত করে বিস্তারিত তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
প্রথম দফায় কেন্দ্রীয় বাহিনীর (Central Force) ২৪০টি কোম্পানি রবিবার রাজ্যে পৌঁছবে বলে এমনটাই দাবি প্রশাসন সূত্রে । তবে তার মধ্যে ১২টি কোম্পানি কলকাতায় মোতায়েন করা হবে। বাহিনী এসে পৌঁছনোর পরই শুরু হবে সমন্বয় বৈঠক ও মাঠপর্যায়ের মহড়া। প্রতিটি কোম্পানির সদস্যসংখ্যা ও সক্ষমতা বিবেচনা করে দায়িত্ব বণ্টন করা হবে। এ বিষয়ে কোম্পানি কমান্ডাররা শহরের ঊর্ধ্বতন পুলিশ কর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, লালবাজার (Lalbazar) থেকে সমস্ত থানাকে নিজ নিজ এলাকার সংবেদনশীল অঞ্চল চিহ্নিত করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে গত নির্বাচনের সময় বা পরে সংঘটিত ঘটনাস্থল গুলো কে, সংবেদনশীল বুথ এলাকা এবং পার্শ্ববর্তী জেলা সীমানা সংলগ্ন অঞ্চলগুলিকে ও।
প্রতিটি থানাকে ‘হটস্পট’ তালিকা প্রস্তুত করার পাশাপাশি এলাকার দুষ্কৃতীদের পৃথকভাবে চিহ্নিত করতে বলা হয়েছে। সূত্রের খবর, তিন ধাপে অপরাধীদের তালিকা তৈরি করা হবে – পরিচিত অপরাধী, বাইরের এলাকা থেকে সক্রিয় দুষ্কৃতী এবং নতুন বা উদীয়মান অপরাধী। যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা রয়েছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
এলাকায় কেন্দ্রীয় বাহিনীর (Central Force) আধিপত্য মহড়ার অংশ হিসেবে চিহ্নিত অপরাধমূলক ঘাঁটি এবং যাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা ঝুলে আছে, তাঁদের বাড়িতেও তল্লাশি চালানোর কথা বলা হয়েছে। কোনও পলাতক অভিযুক্তের তথ্যও দৈনিক রিপোর্টে অন্তর্ভুক্ত করতে হবে।
পুলিশের দাবি, নিয়মিত টহল, নজরদারি বৃদ্ধি এবং প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হবে, যাতে ভোট প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।
আসন্ন ভোটকে সামনে রেখে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই লক্ষ্যেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুলিশ প্রশাসন সূত্রে জানানো হয়েছে।


