ওয়াশিংটন: মার্কিন সুপ্রিম কোর্টের ‘বোমা’ রায়ে তছনছ ট্রাম্পের (Donald Trump) শুল্কনীতি! আর তার জেরে চরম ধোঁয়াশায় ভারতীয় রপ্তানি। ভারত সহ একাধিক দেশের উপর অতিরিক্ত আমদানি শুল্ক (Tariff) আরোপ করা নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টে বকুনি খেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
আন্তর্জাতিক জরুরী অবস্থা জারি করে ট্রাম্প যে শুল্ক আদায় করেছেন তা বেআইনি, বলে সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট জানায়, কংগ্রেসের অনুমোদন ছাড়াই এককভাবে এই সিদ্ধান্ত নিয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প (Donald Trump)।
ধোঁয়াশা কি আদৌ কেটেছে?
গত কয়েক মাসে ট্রাম্প ৫০% শুল্ক (Tariff) থেকে হঠাৎ কমিয়ে ১৮% করার ঘোষণা দিয়েছিলেন সম্ভাব্য বাণিজ্য চুক্তির অংশ হিসেবে। কিন্তু সেই চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে এই অস্থিরতা আরও বাড়িয়েছে, রপ্তানিকারকদের জন্য তৈরি করেছে নতুন চ্যালেঞ্জ। তবে
বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন, “ট্রাম্পের (Donald Trump) সময়ে যে শুল্কনীতি ধোঁয়াশা ছড়িয়েছিল, সেই অস্থিরতার প্রভাব এখনও কাটেনি। এখন আদালতের রায় আরও জটিলতা সৃষ্টি করেছে।” রপ্তানিকারকরা পুনরায় নিজেদের পরিকল্পনা বদলাতে বাধ্য হচ্ছেন, আর বাজারে শুল্ক হারের অনিশ্চয়তা নতুন ধাক্কা দিচ্ছে। সুপ্রিম রায়ের সঙ্গে এসেছে নতুন প্রশ্ন, ভারতকে এখন ঠিক কত শুল্ক দিতে হবে? ১৮%, ১০%, নাকি প্রীলিবারেশন ডে শুল্কসহ ১৩.৫%?
সিদ্ধান্তহীন এই পরিস্থিতিতে ভারতীয় ব্যবসায়ীরা অপেক্ষায় রয়েছেন, কোন হারে পণ্য পাঠাতে হবে, কত খরচ হবে, এবং চূড়ান্ত চুক্তি কখন কার্যকর হবে। আদালতের রায়ে ট্রাম্প যুগের শুল্ক-রাজনীতিতে বড় ফাটল ধরলেও, ভারতীয় রপ্তানির ভবিষ্যৎ আপাতত কুয়াশার মধ্যে।


