23 C
Kolkata
Saturday, November 28, 2026
spot_img

ফের এনকাউন্টারের চেষ্টা! “ফাঁসানো হয়েছে” বলে দাবি জখম অভিযুক্ত প্রতাপের!

Aaj India Desk, পশ্চিম বর্ধমান : কখনও পুলিশের চোখে তিনি পলাতক দুষ্কৃতী, কখনও তাঁকে ঘিরে চলছে এনকাউন্টারের অভিযান (Asansol Encounter)। তবে এ বার পুলিশের গুলিতে প্রাণ হারাননি অভিযুক্ত। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে পুলিশ। আর হাসপাতালের বিছানায় পৌঁছেই বিস্ফোরক দাবি করলেন তিনি। পশ্চিম বর্ধমানের আসানসোলের ইসমাইলে প্রতাপ দাস ওরফে প্যাঁওকে ঘিরে শুক্রবার সকালে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

দেড় ঘণ্টার অভিযানে গ্রেপ্তার প্রতাপ

শুক্রবার সকাল ৮টা নাগাদ হিরাপুর থানায় খবর আসে, ইসমাইলের পাঁজা গলি এলাকার একটি বাড়িতে লুকিয়ে রয়েছেন প্রতাপ। খবর পেয়েই এলাকায় পৌঁছয় পুলিশ। ঘিরে ফেলা হয় পাঁজা গলির বিভিন্ন রাস্তা। সাদা পোশাকে আগ্নেয়াস্ত্র হাতে বাড়ি বাড়ি তল্লাশি শুরু করেন পুলিশকর্মীরা। শেষে মানস সরণির একটি নির্মীয়মাণ বাড়ির জলের ট্যাঙ্কের পিছনে প্রতাপের লুকিয়ে থাকার খবর মেলে। পুলিশের দাবি, তাঁকে আত্মসমর্পণ করতে বলা হলেও তিনি তাতে রাজি হননি। উল্টে পুলিশকে লক্ষ্য করে গুলি চালান।

পুলিশের গুলিতে জখম ডান পা

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস জানিয়েছেন, প্রতাপ দু’রাউন্ড গুলি চালিয়েছিলেন। যদিও সেই গুলিতে কেউ আহত হননি। পাল্টা পুলিশ তিন রাউন্ড গুলি চালায়। তার মধ্যে একটি গুলি প্রতাপের ডান পায়ে লাগে। এর পরই তাঁকে গ্রেপ্তার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁর পা থেকে গুলি বের করেছেন। আপাতত হাসপাতালেই পুলিশি ঘেরাটোপে চিকিৎসাধীন রয়েছেন তিনি। (Asansol Encounter)

হাসপাতাল থেকে কার বিরুদ্ধে অভিযোগ প্রতাপের?

হাসপাতালে নিয়ে যাওয়ার পর হঠাৎই চিৎকার করে প্রতাপ দাবি করেন, তাঁকে ফাঁসানো হয়েছে। তাঁর কথায়, ‘আমায় ফাঁসিয়েছে মুসাফির। আমাকে সুপারি দিয়েছিল লোককে মারতে।’ কাকে খুন করার জন্য এই সুপারি দেওয়া হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। কে এই মুসাফির, তা খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, সাইবার প্রতারণায় জড়িত থাকার অভিযোগে বুধবার প্রতাপকে ধরতে তাঁর বাড়িতে গিয়েছিল পুলিশ। পুলিশের অভিযোগ, সেই সময় বাড়ির পিছনের দরজা দিয়ে পালিয়ে যান প্রতাপ। তাঁকে ধাওয়া করলে এক সিভিক ভলান্টিয়ারকে লক্ষ্য করে গুলি চালান তিনি। বুধবারের ঘটনার দু’দিনের মাথায় শুক্রবার গ্রেপ্তার করা হল তাঁকে। (Asansol Encounter)

অন্যদিকে, প্রতাপের স্ত্রী দাবি করেছেন, বৃহস্পতিবার ফোনে তাঁর স্বামী জানিয়েছিলেন, শুক্রবার আদালতে আত্মসমর্পণ করবেন। সেই কথা পুলিশকেও জানানো হয়েছিল বলে দাবি তাঁর। স্ত্রীর অভিযোগ, আত্মসমর্পণের সুযোগ না দিয়ে পুলিশ এনকাউন্টার করে সরকারের কাছে ভালো সাজতে চেয়েছে।

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে একাধিক এনকাউন্টারের ঘটনা সামনে এসেছে। আগের পাঁচটি ঘটনায় অভিযুক্তদের মৃত্যু হয়েছিল। শুক্রবার দুর্গাপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘পুলিশকে খোলা ছুট দেওয়া হয়েছে। পুলিশকে আক্রমণ করলে তারা আইনগত ব্যবস্থা নেবে।’ এই পরিস্থিতিতে আসানসোলের প্রতাপ দাসের ঘটনায় নতুন করে আলোচনায় এনকাউন্টার এবং পুলিশের অভিযান।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন