28 C
Kolkata
Tuesday, November 24, 2026
spot_img

শিয়ালদহে শুরু সংস্কার! উড়ালপুলের নীচ থেকে সরছে শিশির মার্কেট! কোথায় হবে পুনর্বাসন?

Aaj India Desk, কলকাতা : শহরের অন্যতম গুরুত্বপূর্ণ উড়ালপুলের নীচে প্রতিদিনই জমে মানুষের ভিড়। সারি সারি দোকান, ক্রেতাদের আনাগোনা আর ব্যস্ত বাজার। কিন্তু এবার সেই চেনা ছবিতে বদল আসতে চলেছে। কারণ, শিয়ালদহ উড়ালপুলের স্বাস্থ্য ফেরাতে বড় সিদ্ধান্ত নিতে চলেছে কলকাতা পুরসভা। সংস্কারের কাজে হাত দেওয়ার আগে সরিয়ে দেওয়া হবে উড়ালপুলের নীচে থাকা শিশির মার্কেট (Shishir Market)। কিন্তু রাতারাতি দোকান সরিয়ে দিলে কোথায় যাবেন ব্যবসায়ীরা?

প্রথমে অস্থায়ী ঠিকানা এন্টালিতে

প্রশাসনিক সূত্রে খবর, আপাতত শিশির মার্কেটের (Shishir Market) দোকানগুলিকে এন্টালির একটি মাঠে অস্থায়ীভাবে স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। কলকাতা পুরসভার খরচেই সেখানে অস্থায়ী বাজার তৈরি করা হবে। পরবর্তী সময়ে পার্ক সার্কাসের পদ্মপুকুর এলাকায় তৈরি হবে স্থায়ী শিশির মার্কেট। এই সংক্রান্ত প্রস্তাবের ফাইল চূড়ান্ত অনুমোদনের জন্য ইতিমধ্যেই পুর-কমিশনারের দপ্তরে পাঠানো হয়েছে। তাঁর অনুমোদন মিললেই শুরু হবে পরবর্তী পদক্ষেপ।

কেন এত তাড়াহুড়ো?

শিয়ালদহ উড়ালপুলের বেহাল স্বাস্থ্য দীর্ঘদিন ধরেই প্রশাসনের উদ্বেগের কারণ। প্রায় দেড় বছর আগে কেএমডিএ, কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশের যৌথ পরিদর্শনে সেতুর দুর্বল অবস্থার বিষয়টি সামনে আসে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, উড়ালপুলের স্তম্ভগুলিকে মাটির নীচ থেকে উপরের অংশ পর্যন্ত কার্বন ফাইবার অথবা স্টিল প্লেট দিয়ে মুড়ে শক্তিশালী করতে হবে। পাশাপাশি সেতুর নীচের অংশে পলিমার ফাইবারের আস্তরণ বসানোর প্রস্তাবও রয়েছে।

৪০-৪৫ বছর আয়ু বাড়ানোর পরিকল্পনা

১৯৭৮ সালে তৈরি হয়েছিল শিয়ালদহ উড়ালপুল। একসময় এই সেতুর উপর দিয়ে ট্রাম চলাচল করত। পরে বিশেষজ্ঞদের পরামর্শে তা বন্ধ করে দেওয়া হয়।কেএমডিএ সূত্রের দাবি, প্রস্তাবিত পাঁচ দফা সংস্কার সম্পূর্ণ হলে আরও ৪০-৪৫ বছর সচল ও নিরাপদ থাকতে পারে এই উড়ালপুল। ধাপে ধাপে চলবে মেরামতির কাজ। রাতের দিকে কাজ করার সময় বন্ধ রাখা হবে সেতুটি।

উড়ালপুলের নীচে ঘিঞ্জি বাজার থাকার কারণে সংস্কারের কাজ শুরু করা যাচ্ছে না। তাই দ্রুত বাজার সরানোর সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। পুরসভার দাবি, প্রায় দেড় বছর আগেই ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছিল যে প্রয়োজনে বাজার সরাতে হতে পারে।

তবে স্থায়ী বাজার (Shishir Market) তৈরিতে সময় লাগবে। ফলে ব্যবসায়ীদের পুনর্বাসন নিয়ে উদ্বেগ রয়েছে। হকার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শক্তিমান ঘোষের বক্তব্য, উড়ালপুলের সংস্কার প্রয়োজনীয়। তবে প্রতিটি দোকানদারের পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে সরকারকে। অর্থাৎ, একদিকে শিয়ালদহ উড়ালপুলের নিরাপত্তা ফেরানোর প্রস্তুতি, অন্যদিকে জীবিকার স্বার্থে ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি। এবার পুরসভার চূড়ান্ত অনুমোদনের দিকেই তাকিয়ে শিশির মার্কেটের ব্যবসায়ীরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন