নয়াদিল্লি: ট্রেনের টিকিট কেটেছেন। কনফার্মড সিট পাননি, কিন্তু ওয়েটিং লিস্টেও আটকে নেই। টিকিটে লেখা RAC। অর্থাৎ, ট্রেনে ওঠার সুযোগ রয়েছে, কিন্তু পাশাপাশি বসে অন্য এক যাত্রীর সঙ্গে সিট ভাগ করে নিতে হতে পারে। ভারতীয় রেলের (Indian Railways) এই পরিচিত ব্যবস্থাই কি এবার বিদায়ের পথে? রেলযাত্রীদের মনে এখন এমনই প্রশ্ন।
বিশেষ করে যাঁরা প্রায়ই ট্রেনে যাতায়াত করেন, তাঁদের কাছে RAC কোনও নতুন শব্দ নয়। কখনও শেষ মুহূর্তে টিকিট কনফার্ম হওয়ার আশায়, কখনও আবার যাত্রা বাতিল হওয়ার ঝুঁকি এড়াতে অনেকেই RAC টিকিট কাটেন। কিন্তু এই ব্যবস্থার ভবিষ্যৎ নিয়েই এবার নতুন করে আলোচনা শুরু হয়েছে (Indian Railways)।
বিতর্কের কেন্দ্রে রয়েছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, RAC যাত্রীরা যখন পুরো ভাড়া দিচ্ছেন, তখন কেন তাঁদের পূর্ণ আসন দেওয়া হচ্ছে না? সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি (PAC) এই ব্যবস্থার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বলেই খবর। সেই সূত্রেই রেল মন্ত্রকের অন্দরে (Indian Railways) RAC ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবনাচিন্তা চলছে বলে জানা যাচ্ছে।
কেন প্রশ্নের মুখে RAC?
ধরা যাক, আপনি কলকাতা থেকে দিল্লি যাচ্ছেন। হাতে RAC টিকিট। আপনার পাশের সিটে বসে রয়েছেন সম্পূর্ণ অপরিচিত এক যাত্রী। দিনের বেলায় পাশাপাশি বসে কোনওরকমে সময় কাটানো গেল। কিন্তু রাত বাড়তেই শুরু হল আসল সমস্যা। কারণ, যে বার্থে একজনের আরামে শুয়ে পড়ার কথা, সেখানে জায়গা ভাগ করে নিতে হচ্ছে দু’জনকে। দীর্ঘ যাত্রায় এই অভিজ্ঞতা যে কতটা অস্বস্তিকর, তা যাঁরা RAC-তে সফর করেছেন, তাঁরাই জানেন।
বিশেষ করে মহিলা ও পুরুষ যাত্রীকে একই বার্থ ভাগ করে নিতে হলে অস্বস্তির পরিস্থিতি তৈরি হতে পারে। টিকিট পরীক্ষকদের কাছেও তখন বিকল্প ব্যবস্থা করা কঠিন হয়ে দাঁড়ায়।
সংসদের কমিটি কী বলছে?
২০২৬ সালের ফেব্রুয়ারিতে সংসদের পিএসি তাদের রিপোর্টে স্পষ্ট জানায়, পূর্ণ বার্থ না পেয়েও RAC যাত্রীদের কাছ থেকে পুরো ভাড়া নেওয়া যুক্তিসঙ্গত নয়। যাঁরা শেষ পর্যন্ত পূর্ণ বার্থ পাচ্ছেন না, তাঁদের আংশিক ভাড়া ফেরতের ব্যবস্থা করার সুপারিশও করে কমিটি।
এবার সেই বিতর্কের পরিপ্রেক্ষিতেই RAC ব্যবস্থা পুরোপুরি তুলে দেওয়ার সম্ভাবনা নিয়ে রেল মন্ত্রকের (Indian Railways) ভাবনাচিন্তার খবর সামনে এসেছে। বিকল্প হিসেবে প্রত্যেক যাত্রীকে পূর্ণ বার্থ দেওয়া অথবা ভাগ করে যাত্রার ক্ষেত্রে কম ভাড়া নেওয়ার মতো বিষয়ও আলোচনায় রয়েছে বলেও জানা গিয়েছে।
তাহলে যাত্রীদের কী হবে?
তবে এখনই RAC টিকিট বাতিল হচ্ছে, এমনটা ভাবার কারণ নেই। রেল মন্ত্রক এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। সরকারি বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়নি। ফলে আগামী দিনে RAC পুরোপুরি উঠে যাবে, নাকি নিয়মে কিছু পরিবর্তন আসবে, তা স্পষ্ট নয়।
কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে, আপনি যদি পুরো ভাড়া দেন, তাহলে নিজের জন্য একটি সম্পূর্ণ বার্থ পাওয়ার অধিকার কি আপনার থাকা উচিত নয়? নাকি ট্রেনে ওঠার সুযোগটুকু পাওয়াই RAC-র আসল সুবিধা? আপনার কী মত? RAC ব্যবস্থা তুলে দেওয়া উচিত, নাকি ভাড়া কমিয়ে এই সুবিধা চালু রাখা উচিত?


