Aaj India Desk, কলকাতা : বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে এবার বাংলায় শীতের আমেজ! সপ্তাহান্তেই রাজ্যের তাপমাত্রা এক ধাক্কায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এমনই পূর্বাভাস (Weather Forecast) দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ফলে ভোর ও রাতের দিকে শীতের হালকা অনুভূতি মিলবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন আবহাওয়া তুলনামূলক মনোরম থাকবে। একই ছবি দেখা যেতে পারে উত্তরবঙ্গেও।
কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
কলকাতা ও সংলগ্ন এলাকায় আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা কম। আকাশ মূলত পরিষ্কার থাকবে। সকালের দিকে কুয়াশার দাপট বাড়তে পারে। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৫ থেকে ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৭.২ মিলিমিটার। (Weather Forecast)
দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা?
বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস রয়েছে। ধীরে ধীরে কমবে বৃষ্টির সম্ভাবনাও।
উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন মূলত পরিষ্কার আকাশ থাকবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। সপ্তাহান্তে উত্তরবঙ্গের তাপমাত্রাও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস।(Weather Forecast)
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা?
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় সেটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষে তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
তবে সব মিলিয়ে বৃষ্টির পর্ব কাটিয়ে এবার ধীরে ধীরে শীতের আমেজে ফিরছে বাংলা। ইতিমধ্যেই বেশ কয়েক ডিগ্রি নেমেছে তাপমাত্রার পারদ। আবহাওয়ার এই বদল বজায় থাকলে সপ্তাহান্তেই হয়তো আলমারি থেকে লেপ-কম্বল বের করার পালা! এবার সত্যিই শীতের আগাম ইনিংস শুরু বাংলায়!


