Aaj lndia Desk,নয়াদিল্লি : মাসের মাঝপথেই মোবাইলের ডেটা ফুরিয়ে যায়? অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের জন্য বারবার রিচার্জ করতে হয়? এবার সেই খরচ কিছুটা কমানোর সুযোগ নিয়ে হাজির রিলায়েন্স জিয়ো (Reliance Jio)। মাত্র ১৫ টাকার একটি ডেটা অ্যাড-অন প্যাকেই মিলছে ২৪ ঘণ্টার জন্য আনলিমিটেড ৫জি ইন্টারনেট ব্যবহারের সুবিধা। ফলে যাঁদের মোবাইলে ইন্টারনেটের ব্যবহার তুলনামূলক বেশি, তাঁদের নজর কাড়তে পারে এই সস্তার রিচার্জ।
বর্তমানে অনলাইন বিনোদন থেকে শুরু করে পড়াশোনা, অফিসের কাজ, সব ক্ষেত্রেই ইন্টারনেটের প্রয়োজনীয়তা বেড়েছে। বিশেষ করে ইউটিউবে (YouTube) দীর্ঘ সময় ভিডিও দেখা, ওটিটি (OTT) প্ল্যাটফর্মে সিনেমা উপভোগ করা কিংবা অনলাইন গেম খেলার ক্ষেত্রে প্রচুর ডেটা লাগে। সাধারণ ডেটা প্যাকে নির্দিষ্ট পরিমাণ ইন্টারনেট পাওয়া যায়। সেই জায়গায় জিয়োর এই ১৫ টাকার প্যাকটি আলাদা করে নজরে আসছে। দাবি অনুযায়ী, রিচার্জের পর ২৪ ঘণ্টা আনলিমিটেড হাইস্পিড ৫জি ডেটা ব্যবহার করা যাবে।
কোন কোন কাজে আসবে এই প্যাক?
এই রিচার্জের সাহায্যে এইচডি (HD) থেকে শুরু করে ৪কে (4K) মানের ভিডিও দেখা, অনলাইন গেমিং এবং বড় আকারের ফাইল ডাউনলোড করার সুবিধা পাওয়া যাবে। যাঁরা বাড়ি থেকে অনলাইনে কাজ করেন, তাঁদেরও জরুরি প্রয়োজনে এই প্যাক কাজে লাগতে পারে। অর্থাৎ অল্প সময়ের জন্য বেশি ডেটার প্রয়োজন হলে এটি একটি বিকল্প হতে পারে।
কোথা থেকে করবেন রিচার্জ?
জিয়োর (Jio) গ্রাহকরা মাইজিয়ো (MyJio) অ্যাপ এবং সংস্থার সরকারি ওয়েবসাইট Jio.com থেকে রিচার্জের বিকল্প খুঁজে নিতে পারবেন। পাশাপাশি জিয়োর রিটেল স্টোর এবং অন্যান্য অনলাইন রিচার্জ প্ল্যাটফর্মেও খোঁজ করা যেতে পারে।
তবে এই সুবিধা পেতে ফোনটি ৫জি (5G) সমর্থিত হওয়া বাধ্যতামূলক। যে এলাকায় গ্রাহক রয়েছেন, সেখানে জিয়োর ৫জি নেটওয়ার্কও থাকতে হবে। রিচার্জ করার আগে নিজের নম্বরে প্যাকটির প্রাপ্যতা ও প্রযোজ্য শর্ত মাইজিয়ো অ্যাপে দেখে নেওয়াই ভাল।


