Aaj India Desk, কলকাতা: ‘রাজনীতিতে শুধু দলবদল আর জোট পরিবর্তন!’ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) একটি সমাজমাধ্যমের পোস্ট ঘিরে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। নিজের এক্স (X) অ্যাকাউন্টে একটি গ্রাফিক ছবি প্রকাশ করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দীর্ঘ রাজনৈতিক পথচলার বিভিন্ন দিক তুলে ধরেছেন তিনি। সেখানে একাধিক নির্বাচনে মমতার দল ও জোটসঙ্গী বদলের ঘটনাগুলি সাজিয়ে দেখানো হয়েছে।
ঋতব্রতর প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৯৯৮ ও ১৯৯৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোটে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ২০০১ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হাত ধরেন তিনি। ২০০৪ সালের লোকসভা এবং ২০০৬ সালের বিধানসভা নির্বাচনেও বিজেপির সঙ্গে জোট বজায় রাখেন মমতা। পরবর্তীতে ২০০৯ সালের লোকসভা ও ২০১১ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ভোটে লড়েন।
২০১১ সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্টকে হারিয়ে তৃণমূল ও কংগ্রেসের জোট পশ্চিমবঙ্গে সরকার গঠন করে। মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কয়েক বছরের মধ্যেই কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্কের অবনতি হয়। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে কোনও জোট ছাড়াই এককভাবে লড়াই করে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার ক্ষমতায় আসে তৃণমূল।
ঋতব্রতর এই গ্রাফিক পোস্টকে ঘিরে রাজনৈতিক মহলের একাংশের ধারণা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার জোট পরিবর্তনের ইতিহাস তুলে ধরেই তাঁকে কটাক্ষ করতে চেয়েছেন তিনি। যদিও পোস্টে আলাদা করে কোনও নির্বাচনী মন্তব্য করা হয়নি, গ্রাফিকের মাধ্যমে বিভিন্ন সময়ে মমতার রাজনৈতিক জোটের পরিবর্তনই তুলে ধরা হয়েছে।
অন্যদিকে, গত বিধানসভা নির্বাচনে পরাজয় এবং দলের অভ্যন্তরে ভাঙনের পরিস্থিতির পর ফের কংগ্রেসের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। শুধু কংগ্রেস নয়, বামেদের সঙ্গেও নতুন করে সমঝোতার সম্ভাবনা নিয়ে আগ্রহ দেখিয়েছেন তিনি। সিপিআইএমের সাধারণ সম্পাদক এম এ বেবির সঙ্গে ফোনে কথাবার্তার পর দিল্লিতে বিরোধীদের একটি কর্মসূচিতেও পাশাপাশি দেখা যায় দু’জনকে। এই রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো জোটের ইতিহাস সামনে এনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নতুন পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।


