31 C
Kolkata
Sunday, November 1, 2026
spot_img

রামলীলা ময়দানে ‘ইন্ডি’ ঝড়, পালটা শিখ দাঙ্গা মনে করিয়ে রণংদেহী বিজেপি! উত্তপ্ত রাজধানী!

নয়াদিল্লি: রবিবাসরীয় সকালে উত্তপ্ত রাজধানী! রাজপথজুড়ে স্লোগানের ঝড়। চারদিকে পুলিশে ছয়লাপ, নিরাপত্তার কড়াকড়ি আর রাজনৈতিক উত্তেজনা। একদিকে রামলীলা ময়দানে বিরোধী জোট ‘ইন্ডি’র মেগা সমাবেশ (India Alliance), অন্যদিকে কংগ্রেসকে নিশানা করে পথে নামছে বিজেপি। রবিবার কার্যত দুই রাজনৈতিক শিবিরের শক্তি প্রদর্শনের মঞ্চে পরিণত হয়েছে দিল্লি।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ এবং এসআইআর বাতিলের দাবিতে রামলীলা ময়দানে জড়ো হচ্ছেন বিরোধী জোটের (India Alliance) নেতা-কর্মীরা। ভোটচুরির অভিযোগকে সামনে রেখে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ানোর প্রস্তুতি বিরোধীদের। কিন্তু সেই একই দিনে পালটা রাজনৈতিক কর্মসূচি নিয়ে ময়দানে বিজেপিও। আর তাদের নিশানায় ১৯৮৪ সালের শিখবিরোধী হিংসার ঘটনায় কংগ্রেসের ভূমিকা।

শিখবিরোধী হিংসার ৪২ বছর পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির স্মৃতিতে সেই ভয়াবহ দিন আজও দগদগে। সেই ঘটনার প্রতিবাদেই রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ মিছিল করবে বিজেপি (BJP)। হরিনগর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মিছিল শেষ হওয়ার কথা তিলকনগর মেট্রো স্টেশন চত্বরে। মিছিলে থাকার কথা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী-সহ বিজেপির একাধিক কেন্দ্রীয় ও দিল্লির শীর্ষ নেতার।

এখানেই রাজনৈতিক তরজায় নতুন মাত্রা। বিজেপি নেতা রবিশংকর প্রসাদের অভিযোগ, শিখ সম্প্রদায়ের ক্ষতে নুনের ছিটে দিতেই ১৯৮৪ সালের শিখবিরোধী হিংসার স্মৃতিবিজড়িত দিনে রামলীলা ময়দানে সভার আয়োজন করেছে বিরোধী জোট। তাঁর নিশানায় সরাসরি রাহুল গান্ধী ও কংগ্রেস। বিজেপির প্রশ্ন, একই দিনে দুই কর্মসূচি কি নিছক কাকতালীয়, নাকি এর পিছনে রয়েছে রাজনৈতিক হিসাবনিকাশ?

অন্যদিকে, বিরোধীদের (India Alliance) সমাবেশ ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানীকে। রামলীলা ময়দানেই পুলিশ ও আধাসেনা মিলিয়ে মোতায়েন করা হয়েছে প্রায় ১০ হাজার নিরাপত্তাকর্মী। নজরদারির জন্য বসানো হয়েছে অন্তত ২০০টি এআই-সংযুক্ত ক্যামেরা। সব মিলিয়ে রাজধানীর রাজপথে এখন রাজনৈতিক উত্তাপের সঙ্গে পাল্লা দিচ্ছে নিরাপত্তার কড়াকড়ি।

একই দিনে দুই কর্মসূচি, দুই রাজনৈতিক আক্রমণ, দুই ভিন্ন ইস্যু। একদিকে নির্বাচন কমিশন ও এসআইআর নিয়ে বিরোধীদের প্রতিবাদ, অন্যদিকে ১৯৮৪-র শিখবিরোধী হিংসা নিয়ে কংগ্রেসকে কাঠগড়ায় তোলার বিজেপির উদ্যোগ। দিল্লির রাজপথে আজ তাই শুধু স্লোগান নয়, রাজনৈতিক বার্তারও লড়াই।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন