Aaj India Desk, কলকাতা : স্বরূপ বিশ্বাসের বিদায়ের পর প্রথমবার নির্বাচনের মাধ্যমে ফেডারেশনের সভাপতি বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই প্রত্যাশা ছিল, এবার হয়তো টলিপাড়ায় ফিরবে স্বস্তি, মিটবে পুরনো দ্বন্দ্ব। কিন্তু ভোটের আবহে ফের সামনে এল সেই পুরনো বিতর্ক। প্রার্থী তালিকায় নাকি ঘুরেফিরে রয়েছেন স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠরাই! এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী (Papiya Adhikari)। শুধু তাই নয়, ভোটের দায়িত্বে থাকা মিঠুন চক্রবর্তীকে নিয়েও উঠল প্রশ্ন।
বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর (Papiya Adhikari) অভিযোগ, “স্বরূপ বিশ্বাসের সময় ছিলেন এমন অনেকেই প্রার্থী হয়েছেন। নিরপেক্ষ ভোট হচ্ছে না। ফলে কী হবে, তা জানি না।” ফেডারেশনের কাজের সঙ্গে যুক্ত ভেন্ডারদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ক্যামেরা, আলো-সহ বিভিন্ন সরঞ্জাম সরবরাহের ক্ষেত্রে ভেন্ডারদের নিয়ে সমস্যা রয়েছে বলেও দাবি তাঁর।
এখানেই শেষ নয়। নির্বাচনের দায়িত্বে থাকা অভিনেতা মিঠুন চক্রবর্তীকে নিয়েও মন্তব্য করেছেন পাপিয়া (Papiya Adhikari)। তাঁর দাবি, মিঠুন চক্রবর্তীকে গোটা পরিস্থিতি সম্পর্কে ভুল বোঝানো হয়েছে। ফলে নির্বাচনের ফলাফল নিয়ে তাঁর আশঙ্কা থেকেই যাচ্ছে। তবে মিঠুনকে ঠিক কীভাবে ভুল বোঝানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি পাপিয়া।
অন্যদিকে পাপিয়ার অভিযোগের প্রেক্ষিতে কিছুটা সহমত প্রকাশ করলেও নির্বাচনে কাউকে আটকানোর পক্ষপাতী নন বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ। তাঁর বক্তব্য, তৃণমূল জমানায় টলিউডে অরাজকতার পরিবেশ তৈরি হয়েছিল। তবে এখন পরিস্থিতি বদলেছে বলে তাঁর দাবি। রুদ্রনীল বলেন, “পাপিয়াদির আশঙ্কার একটা কারণ রয়েছে। তৃণমূল জমানায় ওরা অরাজকতার সিলেবাস তৈরি করেছিলেন। পশ্চিমবঙ্গে মানুষের আশীর্বাদে পরিস্থিতি বদলেছে। আমরা তো টেকনিশিয়ানের কার্ড কেড়ে নিতে পারি না। যে যার ভোট তো সকলে দেবে।” মিঠুন চক্রবর্তী সম্পর্কেও রুদ্রনীলের বক্তব্য, “মিঠুনদা সব বিষয়ে ওয়াকিবহাল। পছন্দ-অপছন্দ জানি না। যিনি যোগ্যভাবে কাজ করবেন, তিনিই টিকে থাকবেন।”
একদিকে প্রার্থী তালিকা নিয়ে পাপিয়ার আপত্তি, অন্যদিকে গণতান্ত্রিক নির্বাচনের পক্ষে রুদ্রনীলের যুক্তি। সব মিলিয়ে টলিউড ফেডারেশনের এই নির্বাচন শুধু সভাপতি বেছে নেওয়ার লড়াইয়ে সীমাবদ্ধ থাকছে না, বরং পুরনো ক্ষমতার সমীকরণ আদৌ বদলাচ্ছে কি না, সেই প্রশ্নও সামনে এনে দিয়েছে।


