24.3 C
Kolkata
Thursday, October 29, 2026
spot_img

অপরাধের পুনর্নির্মাণ করতে গিয়ে অভিযুক্তদের অর্ধনগ্ন! বেহালা কাণ্ডে পুলিশকেই পাল্টা নোটিস NHRC-র!

Aaj India Desk, কলকাতা: বেহালায় তিন ব্যক্তিকে অর্ধনগ্ন অবস্থায় রাস্তায় হাঁটিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় কলকাতা পুলিশের কাছে জবাব চাইল জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে কমিশন। আগামী ১৪ দিনের মধ্যে কলকাতার পুলিশ কমিশনারকে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইন রক্ষার নামে অভিযুক্তদের সঙ্গে এমন আচরণ করা হয়েছে কি না, তা নিয়ে উঠেছে মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন।

কী ঘটেছিল বেহালায়?

ঘটনার সূত্রপাত গত ২৭ অক্টোবর। অভিযোগ, এক নাবালিকার সঙ্গে তার প্রেমিক ও এক বন্ধুকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ক্ষুব্ধ হয়ে ওঠে কিশোরীর পরিবারের সদস্যরা। বসুন্ধরা পার্ক এলাকায় ওই দুই যুবককে মারধর করা হয় বলে অভিযোগ। যুবকের বাবাকেও ডেকে এনে নিগ্রহ করা হয় বলে দাবি। পরবর্তী সময়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ওই তিনজনকে পোশাক খুলতে বাধ্য করে রাস্তায় হাঁটানো হয়। ঘটনায় নাবালিকার বাবা, মা, মামা এবং পরিবারের এক পরিচিত ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

অপরাধের পুনর্নির্মাণে কী করেছিল পুলিশ?

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সরশুনা থানার পুলিশ। মঙ্গলবার অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে অপরাধের পুনর্নির্মাণ করা হয়। সেই সময় তিন পুরুষ অভিযুক্তকে খালি গায়ে, খালি পায়ে ১০০ মিটারেরও বেশি পথ হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়।

কেন নোটিস পাঠাল মানবাধিকার কমিশন?

ঘটনাটি নাগরিকদের মৌলিক অধিকার ও মানবাধিকারের গুরুতর লঙ্ঘন হতে পারে বলে জানিয়েছে NHRC। কমিশনের বক্তব্য অনুযায়ী, আইন রক্ষাকারীদের উপস্থিতিতে এমন অবমাননাকর আচরণ গ্রহণযোগ্য নয়। সেই কারণেই কলকাতার পুলিশ কমিশনারকে নোটিস পাঠিয়ে ১৪ দিনের মধ্যে বিস্তারিত তদন্ত রিপোর্ট এবং দায়ীদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে, তার বিবরণ চাওয়া হয়েছে।

অপরাধের পুনর্নির্মাণের সময় পুলিশের আচরণ নিয়ে ওঠা অভিযোগের জবাব এবার জাতীয় মানবাধিকার কমিশনের কাছে দিতে হবে কলকাতা পুলিশকে। কমিশনের নোটিসের পর পুলিশের রিপোর্টে কী উঠে আসে, এখন সেদিকেই নজর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন