স্নেহা পাল, নয়াদিল্লি: বহু অপেক্ষার পর ঢাকায় নতুন সরকারের শপথগ্রহণের প্রস্তুতি শেষ পর্যায়ে। তবে সেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে দিল্লির উপস্থিতি।
বাংলাদেশের সরকারি সূত্র অনুযায়ী, BNP নেতৃত্বের পরামর্শে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ভারত সহ মোট ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ পাঠিয়েছেন। আমন্ত্রণের তালিকায় প্রথমেই ভারতের নাম রয়েছে। কিন্তু আন্তর্জাতিক সূচির কারণে ভারতের সর্বোচ্চ নেতৃত্বের যোগদান নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
দিল্লি থেকে জানানো হয়, ভারতের প্রধানমন্ত্রী মোদি ব্যক্তিগতভাবে অনুষ্ঠানে যোগদানে আগ্রহী। তবে মঙ্গলবার দিল্লি ও মুম্বাইয়ে আয়োজিত INDIA-AI Impact Summit এ অংশ নিতে একাধিক রাষ্ট্রপ্রধানের আগমন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সূচি থাকায় ঢাকায় যাওয়া এই মুহূর্তে কঠিন। একই কারণে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করও দিল্লির কর্মসূচিতে ব্যস্ত থাকবেন বলে জানা গেছে।
তবে বাংলাদেশের আমন্ত্রণ প্রত্যাখ্যান করছে না ভারত। ভারতের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে লোকসভার স্পিকার ওম বিড়লা অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর। সাংবিধানিকভাবে সংসদের সব দলকে প্রতিনিধিত্ব করার জন্যই লোকসভার স্পিকারকে পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে।


