27.5 C
Kolkata
Sunday, October 4, 2026
spot_img

‘ভুল পরিসংখ্যান দিয়ে উপরতলার কর্তাদের সন্তুষ্ট করা হচ্ছে’, ডেঙ্গি নিয়ে বিস্ফোরক রীতেশ

Aaj India Desk, কলকাতা: পুজোর মুখে কলকাতার কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা এলাকায় ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে ৬ নম্বর ওয়ার্ড এবং বি টি রোড সংলগ্ন একাধিক এলাকায় জ্বর ও ডেঙ্গির প্রকোপ ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সংশ্লিষ্ট এলাকাকে ডেঙ্গির ‘রেড জোন’ হিসেবেও চিহ্নিত করা হয়েছে বলে দাবি স্থানীয় সূত্রের।

পুরসভার বিরুদ্ধে সরব রীতেশ

এমন পরিস্থিতিতে পুরসভার নাগরিক পরিষেবা ও মশা নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন স্থানীয় বিজেপি বিধায়ক রীতেশ তিওয়ারি (Ritesh Tiwari)। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন পুকুর ও ডোবায় আবর্জনা জমে থাকলেও সেগুলি পরিষ্কারের ক্ষেত্রে পুরসভার তরফে যথেষ্ট তৎপরতা দেখা যায়নি।

রীতেশের দাবি, জুন মাস থেকেই ৩০টিরও বেশি পুকুর ও ডোবা পরিষ্কারের জন্য তিনি পুরসভাকে লিখিতভাবে জানিয়েছিলেন। পরিবেশ ও নিকাশি (ENS) দফতরের ডিজি-র সঙ্গেও একাধিকবার যোগাযোগ করেছিলেন তিনি। কিন্তু অভিযোগ, তারপরেও পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।

বিধায়কের আরও অভিযোগ, ডেঙ্গিতে মৃত্যু এবং একাধিক মানুষ হাসপাতালে ভর্তি হওয়ার পরেও প্রশাসনের তরফে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকী নিচুতলার কর্মীরা উপরমহলের কর্তাদের সন্তুষ্ট রাখতে বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যহীন তথ্য দিচ্ছেন বলেও দাবি করেছেন তিনি।

মন্ত্রীর পরিদর্শন ঘিরেও প্রশ্ন

সম্প্রতি পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Pal) এলাকায় পরিদর্শনে গেলে তাঁকে সমস্যার পুরো চিত্র দেখানো হয়নি বলেও অভিযোগ রীতেশের। তাঁর দাবি, মাত্র একটি পরিষ্কার অংশ ঘুরিয়ে দেখিয়ে নোংরা ও মশার লার্ভায় ভরা এলাকাগুলি আড়াল করা হয়েছে।

তবে এই অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে রীতেশ স্পষ্ট জানান, তিনি নিজের বক্তব্য ও অবস্থান জানিয়েছেন। কার উদ্দেশ্যে তাঁর মন্তব্য, সে বিষয়ে আলাদা করে কিছু বলতে চাননি তিনি।

কড়া পদক্ষেপের আশ্বাস অগ্নিমিত্রার

অন্যদিকে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর বক্তব্য, পুর কমিশনার স্মিতা পাণ্ডে তাঁকে এমন এলাকাতেই নিয়ে গিয়েছিলেন যেখানে আক্রান্তের সংখ্যা প্রায় ৫৪ জন। সেখানে জমে থাকা আবর্জনা দ্রুত সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, পরিদর্শনের সময় যেখানে যেখানে আবর্জনা দেখা গিয়েছে, সেখানেই দ্রুত পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মশারি বিতরণ এবং সাধারণ মানুষকে ডেঙ্গি থেকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

রীতেশ তিওয়ারি যে এলাকাগুলির কথা উল্লেখ করেছেন, পুজোর আগেই সেগুলি নিজে গিয়ে পরিদর্শন করার আশ্বাসও দিয়েছেন অগ্নিমিত্রা পাল। ফলে পুজোর আগে কাশীপুর-বেলগাছিয়ার ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় পুরসভা কতটা কার্যকর ব্যবস্থা নিতে পারে, এখন সেদিকেই নজর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন