Aaj India Desk, কলকাতা: পুজোর আগে রেশন (Ration) গ্রাহকদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের (State Government)। দুর্গাপুজো উপলক্ষে এবার রেশনে কম দামে ময়দা, চিনি ও সুজি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, এই প্যাকেজের আওতায় রাজ্যের প্রায় ২ কোটি ১২ লক্ষ রেশন পরিবারকে আনা হচ্ছে।
সরকারের ঘোষণা অনুযায়ী, চিনিতে ৫০ শতাংশ ভর্তুকি দেবে রাজ্য। ফলে বাজারে চিনি কেজি প্রতি ৬০ টাকা হলে রেশনে তা পাওয়া যাবে ৩০ টাকায়। একইভাবে ময়দার বাজারদর কেজি প্রতি ৩৭ টাকা হলে রেশন থেকে মিলবে প্রায় ১৮-১৯ টাকায়। এছাড়াও প্রতিটি পরিবারকে ৫০০ গ্রাম করে সুজি দেওয়া হবে। সুজির ক্ষেত্রে কেজি প্রতি দাম ৪০ টাকা হলে রেশনে তা পাওয়া যাবে ২০ টাকায়।
এই পুজো স্পেশাল রেশন প্যাকেজের জন্য খাদ্য দফতরকে ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানানো হয়েছে। সরকারের দাবি, এর ফলে প্রায় ৮ কোটি মানুষ উপকৃত হবেন। ময়দা ও চিনির টেন্ডারের কাজও ইতিমধ্যেই শেষ হয়েছে। এর আগে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বনগাঁয় সাংবাদিক বৈঠকে এই পুজো প্যাকেজের কথা জানান। তিনি বলেন, এবার কোনও নির্দিষ্ট শ্রেণির রেশন কার্ডকে আলাদা না করে পাঁচ ধরনের রেশন কার্ডের আওতায় থাকা পরিবারগুলিকেই এই সুবিধা দেওয়া হবে।
খাদ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, আগের সরকারের সময় অন্ত্যোদয় অন্ন যোজনা অর্থাৎ AAY এবং SPHH কার্ডধারীদের পুজো উপলক্ষে খাদ্যসামগ্রীতে ১০ শতাংশ ছাড় দেওয়া হত। এবার সেই ছাড় বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে বলে দাবি বর্তমান সরকারের।
সরকারের তরফে আরও জানানো হয়েছে, আগে প্রায় ৭৮ লক্ষ পরিবার এই ধরনের সুবিধার আওতায় থাকলেও এবার রেশন ব্যবস্থার অধীনে থাকা প্রায় ২ কোটি ১২ লক্ষ পরিবারকেই উৎসবের প্যাকেজের মধ্যে আনা হয়েছে। অর্থাৎ পুজোর সময় রেশন থেকেই তুলনামূলক কম দামে ময়দা, চিনি এবং সুজি পাওয়ার সুযোগ পাবেন সাধারণ মানুষ।


