Aaj India Desk, নয়াদিল্লি: এসআইআর (SIR)-এর কারণে পশ্চিমবঙ্গের ৩১টি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস (TMC) হেরেছে—এমন দাবি ঠিক নয় বলে সুপ্রিম কোর্টে (Supreme Court) জানাল নির্বাচন কমিশন (ECI)। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনের করা মামলার প্রেক্ষিতে আদালতে এই বক্তব্য জানিয়েছে কমিশন।
কমিশনের বক্তব্য, এই দাবি প্রতিষ্ঠা করতে ডেরেক ও’ব্রায়েন যে পরিসংখ্যান ব্যবহার করেছেন, সেখানে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিভিন্ন কারণকে একসঙ্গে ধরা হয়েছে। ফলে সেই হিসাব থেকে নির্দিষ্টভাবে SIR-এর কারণে ভোটার কমে যাওয়া বা কোনও নির্দিষ্ট আসনের ফলাফলের সঙ্গে তার সরাসরি সম্পর্ক দেখানো ঠিক নয়।
আদালতে কমিশন আরও জানিয়েছে, ওই পরিসংখ্যানের মধ্যে অনুপস্থিত, অন্যত্র চলে যাওয়া, মৃত এবং একাধিকবার নথিভুক্ত ভোটারদের নাম বাদ পড়ার তথ্যও রয়েছে। অন্যদিকে, শুনানি ও যাচাইয়ের পর সংশ্লিষ্ট আধিকারিকদের সিদ্ধান্তের ভিত্তিতে যে নামগুলি বাদ দেওয়া হয়, সেগুলি সম্পূর্ণ আলাদা বিষয়। কমিশনের মতে, দুই ধরনের নাম বাদ দেওয়াকে একই হিসাবে দেখা যায় না।
এদিকে SIR নিয়ে বিতর্কের মধ্যেই ভোটারদের যাচাই প্রক্রিয়া আরও সহজ করতে বেশ কিছু পদক্ষেপের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। শনিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশির বৈঠকে এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়। ভোটার তালিকা সংশোধন, SIR, শুনানি প্রক্রিয়া এবং কমিশনের প্রশাসনিক কাজকর্ম নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।


