Aaj India Desk, কলকাতা: সামনেই গণেশ চতুর্থী ও বিশ্বকর্মা পুজো। ফলে কলকাতা জুড়ে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে উৎসবের আমেজ। পুজোর কেনাকাটার জন্য রবিবারও শহরের বিভিন্ন জায়গায় ভিড় বাড়ছে। আর এই ব্যস্ততার মধ্যেই আজ, ১৩ সেপ্টেম্বর, ব্লু লাইনে মেট্রো (Blue Line Metro) পরিষেবায় বড় পরিবর্তন করা হয়েছে।
রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ প্রায় সাড়ে ৯ ঘণ্টা ব্লু লাইনের একাংশে মেট্রো চলাচল বন্ধ থাকছে। সেই অনুযায়ী, সকাল থেকেই কবি সুভাষ পর্যন্ত ট্রেন না চালিয়ে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার, অর্থাৎ টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা দেওয়া হচ্ছে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ব্লু লাইনে ট্র্যাফিক ও পাওয়ার ব্লক রাখা হয়েছে। এই সময়ের মধ্যে শহিদ ক্ষুদিরাম, অর্থাৎ নিউ গড়িয়া থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে সম্পূর্ণ বন্ধ রয়েছে মেট্রো পরিষেবা। তবে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক থাকছে।
কলকাতা মেট্রো সূত্রে খবর, গীতাঞ্জলি, অর্থাৎ নাকতলা এবং কবি নজরুল, অর্থাৎ গড়িয়া বাজার স্টেশনের মধ্যবর্তী অংশে জরুরি রক্ষণাবেক্ষণের কাজ চলছে। সেই কারণেই এই সময়ের জন্য মেট্রো পরিষেবায় পরিবর্তন করা হয়েছে। তবে, যাত্রীদের জন্য স্বস্তির খবর, সন্ধ্যা সাড়ে ৬টার পর কাজ শেষ হলে ফের স্বাভাবিক হয়ে যাবে পরিষেবা। তখন ব্লু লাইনে আবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত সম্পূর্ণ রুটে মেট্রো চলাচল শুরু হবে।


