কলকাতা: দিল্লির নির্বাচন কমিশন দফতর আজ কার্যত রাজনৈতিক মহারণের মঞ্চ। নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনা চরমে। তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রতীক ‘জোড়াফুল’ (TMC Symbol)-এর মালিকানা নিয়ে শনিবার নির্বাচন কমিশনের সামনে মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) বিদ্রোহী গোষ্ঠী।
সকাল ১১টায় প্রথমে নিজেদের দাবি পেশ করবে ঋতব্রত শিবির। ঠিক এক ঘণ্টা পরে, দুপুর ১২টায় কমিশনের সামনে হাজির হবে কালীঘাট তৃণমূলের প্রতিনিধিদল। দু’পক্ষ থেকেই সর্বোচ্চ পাঁচজন প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন।
মমতা (Mamata Banerjee) শিবিরের হয়ে বৈঠকে থাকার কথা ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাগরিকা ঘোষ, সাকেত গোখলে এবং একজন আইনজীবীর। অন্যদিকে ঋতব্রতের সঙ্গে থাকবেন অরূপ রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, আখরুজ্জামান-সহ তাঁর ঘনিষ্ঠ প্রতিনিধিরা।
কেন আজকের শুনানি এত গুরুত্বপূর্ণ?
কারণ সময়টাই সবচেয়ে বড় ফ্যাক্টর। আগামী ১৬ সেপ্টেম্বর নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তার মাত্র তিন দিন আগে কমিশনের এই তৎপরতা জল্পনা আরও উসকে দিয়েছে। রাজনৈতিক মহলের প্রশ্ন, উপনির্বাচনের আগেই কি ‘জোড়াফুল’ (TMC symbol)-এর প্রকৃত দাবিদার নিয়ে বড় সিদ্ধান্ত আসতে চলেছে?
আজকের শুনানিতে কেবল একটি প্রতীক (TMC symbol) নয়, বাজি রয়েছে রাজনৈতিক পরিচয়, সাংগঠনিক বৈধতা এবং আসন্ন নির্বাচনের সমীকরণ। দিল্লির দরবারে তাই নজর গোটা বাংলার, শেষ হাসি হাসবে কে, আর জোড়াফুল ফুটবে কোন শিবিরে?


