Aaj India Desk, কলকাতা: রাজ্যের গণ্ডি পেরিয়ে এবার দেশের সর্বত্র বাড়ানো হল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নিরাপত্তা। এখন থেকে পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের যে কোনও রাজ্যে সফর বা কর্মসূচিতে গেলেও তিনি জেড প্লাস (Z+) ক্যাটাগরির সর্বোচ্চ নিরাপত্তা (Security) পাবেন। অন্য রাজ্যে মুখ্যমন্ত্রীর সফরের সময় যাতে নিরাপত্তায় কোনও ঘাটতি না থাকে, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ বাংলার বাইরে গেলেও তাঁর জন্য একই স্তরের কড়া নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে।
সম্প্রতি শুভেন্দু অধিকারীকে নিশানা করে হামলার ছকের অভিযোগ সামনে এসেছিল। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (JeM)-এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে হামিম মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। পূর্ব বর্ধমানের ‘রেনেসাঁ কমপ্লেক্স’ থেকে তাকে আটক করা হয়। ধৃত নিজেকে কাশ্মীরের বাসিন্দা বলে দাবি করেছে।
তদন্তকারীদের দাবি, হামিমের কাছ থেকে শুভেন্দু অধিকারীর ভিআইপি যাতায়াতের রুট ম্যাপ, নিরাপত্তার সময়সূচি এবং তাঁর গতিবিধি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পর মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন।
তাই শুধু রাজ্যের মধ্যেই নয়, অন্য রাজ্যে সফরের সময়ও শুভেন্দু অধিকারীর নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে। দেশের যে প্রান্তেই তিনি সরকারি কর্মসূচি বা সফরে যান, এবার থেকে সেখানেও জেড প্লাস নিরাপত্তার আওতায় থাকবেন মুখ্যমন্ত্রী।


