Aaj India Desk, কলকাতা: সিজেপির পর পিজেপি ঘিরে উত্তাল বাংলা! সম্প্রতি বাগেশ্বর বাবা ওরফে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর মন্তব্যকে ঘিরে বিতর্কের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তৈরি হলো নতুন একটি ফেসবুক গ্রুপ। সিজেপি বা ককরোচ জনতা পার্টির আদলে সেই গ্রুপের নাম দেওয়া হয়েছে ‘পাখান্ডি জনতা পার্টি’ (Pakhandi Janata Party) বা পিজেপি। গ্রুপটি তৈরি হওয়ার প্রায় দুই ঘণ্টার মধ্যেই সেখানে সদস্যসংখ্যা প্রায় ১.২ হাজারে পৌঁছেছে। গ্রুপে ইতিমধ্যেই বাগেশ্বর বাবার মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।
বাগেশ্বর বাবার মন্তব্যের পরেই নতুন গ্রুপ
সম্প্রতি মধ্যপ্রদেশের বাগেশ্বর ধাম থেকে বাংলায় আগত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবার মন্তব্যকে ঘিরে একাংশের আপত্তি ও ক্ষোভ থেকেই এই ফেসবুক গ্রুপ তৈরি হয়েছে বলে সদস্যদের পোস্টে দাবি করা হচ্ছে। তিনি দুর্গাপুজো নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছিলেন, “দুর্গাপুজোয় যাঁরা আমিষ খায়, তারা ভন্ড, পাখণ্ডি। দুর্গাপুজোর প্যান্ডেলের পিছনে পচা খাবার বানানো হয়। প্যান্ডেলের কাছাকাছি আমিষ খাবার থাকা উচিত না।” এই বক্তব্যের পরেই বাঙালিদের সমালোচনা ও ক্ষোভের মুখে পড়েন তিনি। এবং তাঁর মন্তব্যের রেশ ধরেই গ্রুপের নামকরণও করা হয় পাখন্ডি জনতা পার্টি। (Pakhandi Janata Party)
কী পরিকল্পনা পিজেপি দলের সদস্যদের?
গ্রুপের কয়েকজন সদস্যের পোস্টে একটি নির্দিষ্ট কর্মসূচির কথা জানানো হয়েছে। তাঁদের বক্তব্য, প্রতিদিন তাঁরা নন-ভেজ খাবার খাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন এবং সেই পোস্টে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীকে ট্যাগ করবেন। তাঁদের দাবি, বাগেশ্বর বাবা তাঁর মন্তব্যের জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত এই ধরনের পোস্ট চালিয়ে যাওয়া হবে। তবে এটি গ্রুপের সদস্যদের ব্যক্তিগত উদ্যোগ ও সোশ্যাল মিডিয়া পোস্টের পরিকল্পনা মাত্র।
নতুন গ্রুপে (Pakhandi Janata Party) ইতিমধ্যেই ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর মন্তব্য নিয়ে নানা ধরনের সমালোচনা ও মতামত প্রকাশ করা হচ্ছে। কেউ তাঁর বক্তব্যের সমালোচনা করছেন, আবার কেউ সেই বক্তব্যের প্রেক্ষাপট নিয়েও আলোচনা করছেন। ফলে গ্রুপটি দ্রুত সদস্য সংগ্রহের পাশাপাশি বিতর্কের কেন্দ্রেও উঠে এসেছে। বাগেশ্বর বাবার মন্তব্যকে কেন্দ্র করে তৈরি এই নতুন ভার্চুয়াল প্ল্যাটফর্ম আগামী দিনে কীভাবে এগোয়, এখন সেটাই দেখার।


