27 C
Kolkata
Tuesday, September 8, 2026
spot_img

নেপালের বিপর্যয়ে নিখোঁজ ৩৭ বাঙালি! শেষচিহ্ন হিসেবে পরিবারের কাছে ফিরছে জিনিসপত্র!

Aaj India Desk, কলকাতা : ২৬ আগস্টের পর থেকে আর কোনও ফোন আসেনি। পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর নেপালের হড়পা বানে নিখোঁজ রাজ্যের ৩৭ পর্যটক (Bengal Tourists Missing)। দিনের পর দিন খোঁজ চললেও এখনও মেলেনি প্রিয়জনের সন্ধান। এই অনিশ্চয়তার মধ্যেই নেপালের হোটেলে পড়ে থাকা তাঁদের ব্যাগ, পোশাক ও ব্যক্তিগত সামগ্রী দেশে ফিরিয়ে আনার উদ্যোগ শুরু হয়েছে। স্বজনদের কাছে এখন সেই ফেলে যাওয়া জিনিসগুলিই হয়ে উঠছে প্রিয়জনের শেষ স্মৃতিচিহ্ন। পাশাপাশি নিখোঁজ পর্যটকদের পরিচয় নিশ্চিত করতে চলছে ডিএনএ নমুনা সংগ্রহের কাজও।

মালপত্র দেশে ফেরানোর উদ্যোগ

নিখোঁজ পর্যটকদের (Bengal Tourists Missing) নেপালের হোটেলে পড়ে থাকা ব্যাগ, পোশাক ও অন্যান্য সামগ্রী ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। কৈলাসের উদ্দেশে রওনা হওয়ার সময় পর্যটকেরা তাঁদের বেশির ভাগ ভারী মালপত্র হোটেলেই রেখে গিয়েছিলেন। সঙ্গে নিয়েছিলেন প্রয়োজনীয় কিছু সামগ্রী। বর্তমানে সেই ফেলে যাওয়া জিনিসগুলিই নিখোঁজ পর্যটকদের পরিবারের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রশাসন ও ভ্রমণ সংস্থার উদ্যোগে সেগুলি রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।

দূতাবাসের চিঠি শুল্ক দফতরে

মালপত্র (Bengal Tourists Missing) ভারতে পাঠানোর জন্য নেপালের শুল্ক দফতরের কাছে চিঠি দিয়েছে কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস। নেপালের শুল্ক বিভাগের ডিজি-কে লেখা ওই চিঠিতে প্রয়োজনীয় সহযোগিতার আবেদন জানিয়েছেন ভারতীয় দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (ইকনমিক) গোল্ডি শর্মা। প্রয়োজনীয় শুল্ক ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে মালপত্রগুলি কাঠমান্ডু থেকে রক্সৌল, বারাউনি, গোবিন্দঘাট হয়ে রাজ্যে আনার পরিকল্পনা রয়েছে।

নেপালে পৌঁছে খোঁজ পরিবারের

নিখোঁজ পর্যটকদের পরিবারের কয়েকজন ইতিমধ্যেই নেপালে পৌঁছে গিয়েছেন। থানা, হাসপাতাল, ভারতীয় দূতাবাস থেকে শুরু করে দুর্ঘটনাস্থল—সম্ভাব্য বিভিন্ন জায়গায় তাঁরা খোঁজ চালাচ্ছেন। তবে এখনও তাঁদের প্রিয়জনদের বিষয়ে কোনও নিশ্চিত তথ্য মেলেনি।পরিবারের দাবি, ২৬ আগস্ট ভোটেকোশী নদীতে হড়পা বানের পর থেকেই পর্যটকদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

চলছে ডিএনএ নমুনা সংগ্রহ

নিখোঁজদের পরিচয় নিশ্চিত করার জন্য ডিএনএ নমুনা সংগ্রহের কাজও শুরু হয়েছে। যেসব পরিবারের সদস্য নেপালে পৌঁছেছেন, তাঁদের নমুনা সেখানেই সংগ্রহ করা হয়েছে। অন্যদিকে, যাঁরা নেপালে যেতে পারেননি, তাঁদের পরিবারের সদস্যদের নমুনা পুলিশের উদ্যোগে সরকারি ব্যবস্থাপনায় পাঠানোর প্রক্রিয়া চলছে।

প্রিয়জনের ফেরার আশায় এখনও অপেক্ষায় পরিবারগুলি। নিশ্চিত খবরের অপেক্ষার সেই দীর্ঘ সময়ে নেপালের হোটেলে পড়ে থাকা ব্যাগ, পোশাক আর ব্যক্তিগত সামগ্রীই হয়ে উঠেছে তাঁদের কাছে অমূল্য স্মৃতি। মানুষগুলির সন্ধান এখনও অধরা, কিন্তু তাদের হোটেলে ফেলে যাওয়া সেই জিনিসগুলির মতো প্রিয়জনদের ফিরে পাওয়ার আশাতেই দিন গুনছেন স্বজনেরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন