Aaj India Desk, জলপাইগুড়ি : রাতের অন্ধকারে ফের আচমকাই শুরু তাণ্ডব। যাদবপুরের বাম-বিজেপি সংঘর্ষ থামতে না থামতেই ফের নয়া সংঘর্ষ দেখা গেলো জলপাইগুড়ির ডিবিসি রোডের সিপিআইএমের জেলা কার্যালয়ে (Jalpaiguri CPM Office Attack)। গতকাল গভীর রাতে জলপাইগুড়ির ‘সুভাষ সেন ভবন’-এ হামলা, ব্যাপক ভাঙচুর এবং পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ ওঠে। দলীয় সংগঠনের লাল পতাকাতেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে সিপিআইএম। ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দলের একাধিক নেতা-কর্মী আহত হন। ঘটনায় উত্তপ্ত জলপাইগুড়ি জেলা।
কী কী অভিযোগ সিপিএম এর ?
সিপিআইএমের অভিযোগ, সোমবার রাতে একদল দুষ্কৃতী পরিকল্পিতভাবে জলপাইগুড়ির ডিবিসি রোডে দলের জেলা কার্যালয় ‘সুভাষ সেন ভবন’-এ হামলা (Jalpaiguri CPM Office Attack) চালায়। কার্যালয়ে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও দাবি দলের। এমনকি দলীয় লাল পতাকাতেও আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ। সিপিএমের আরও দাবি, হামলাকারীদের সঙ্গে বিজেপি ও এবিভিপির যোগ রয়েছে। হামলার জেরে দুই পক্ষের সংঘর্ষে সদর এরিয়া সম্পাদক দেবরাজ বর্মন-সহ জেলা, ছাত্র ও যুব সংগঠনের একাধিক নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে দল। দলের হিসাব অনুযায়ী, আহতের সংখ্যা ১০ থেকে ১৫ জন।
অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি
ঘটনার তীব্র নিন্দা করেছেন সিপিআইএমের জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযুষ মিশ্র। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবেই দলীয় কার্যালয়ে হামলা (Jalpaiguri CPM Office Attack) চালানো হয়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।
অন্যদিকে সিপিআইএমের তরফে হামলার ঘটনায় বিজেপি ও এবিভিপির যোগের অভিযোগ তোলা হলেও, এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ওই অভিযোগের বিষয়ে বিজেপির পক্ষ থেকে নির্দিষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, ঘটনাকে কেন্দ্র করে এখন জলপাইগুড়িতে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। সিপিআইএম অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারেরও দাবি জানিয়েছে। হামলার অভিযোগ, সংঘর্ষে আহতদের বিষয় এবং অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর।


