Aaj lndia Desk, কলকাতা : রাখি উপলক্ষে দেশের মহিলাদের জন্য বড় উপহার! এক বছরের মোবাইল রিচার্জ বিনামূল্যে করে দেওয়া হবে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এমনই একটি খবর ছড়িয়ে পড়েছে। ভাইরাল পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)-একটি ভিডিও ব্যবহার করে দাবি করা হয়েছে, ২৮ আগাস্ট রাখি উপলক্ষে দেশের সমস্ত মহিলা এই সুবিধা পাবেন। স্বাভাবিকভাবেই এমন খবর সামনে আসতেই অনেকের মধ্যে উৎসাহ তৈরি হয়। কিন্তু আদতে এই দাবির সঙ্গে সরকারি ঘোষণার কোনও সম্পর্ক নেই।
কীভাবে ছড়াল এই খবর?
এক্স, ইনস্টাগ্রাম-সহ একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে প্রধানমন্ত্রীর বক্তব্যের একটি অংশ দেখা যায়। সেই ভিডিওর সঙ্গে জুড়ে দেওয়া হয় এক বছরের বিনামূল্যে মোবাইল রিচার্জের কথা। ফলে অনেকেই ধরে নেন, কেন্দ্রের তরফে নতুন কোনও সুবিধা ঘোষণা করা হয়েছে। কিন্তু বিষয়টি যাচাই করে সম্পূর্ণ অন্য তথ্য সামনে এসেছে।
PIB-এর ফ্যাক্ট-চেকে কী জানা গেল?
জানা গিয়েছে ভাইরাল হওয়া ভিডিওটি এডিট করে তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রীর পুরনো বক্তব্যের অংশ ব্যবহার করে তার সঙ্গে নতুন এবং ভিত্তিহীন দাবি সংযোজন করা হয়েছে। অর্থাৎ, রাখি উপলক্ষে দেশের মহিলাদের এক বছরের মোবাইল রিচার্জ বিনামূল্যে দেওয়ার কোনও ঘোষণা কেন্দ্রের তরফে করা হয়নি।
সঠিক তথ্য যাচাই না করে বিশ্বাস নয়
বর্তমানে সরকারি প্রকল্প, আর্থিক সুবিধা কিংবা নতুন কোনও ঘোষণাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের পোস্ট ছড়িয়ে পড়ে। তার মধ্যে কিছু পোস্ট সত্য হলেও অনেক ক্ষেত্রেই পুরনো ছবি বা ভিডিওকে নতুন ঘটনার সঙ্গে জুড়ে বিভ্রান্তি তৈরি করা হয়।
বিশেষ করে প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সরকারের নাম ব্যবহার করা কোনও ভিডিও ভাইরাল হলেই সেটিকে সরকারি ঘোষণা ধরে নেওয়া ঠিক নয়। কোনও প্রকল্প বা সুবিধার খবর পাওয়ার পর সরকারি ও নির্ভরযোগ্য সূত্র থেকে তা যাচাই করা জরুরি।
তাই রাখিতে মহিলাদের জন্য এক বছরের ফ্রি মোবাইল রিচার্জের খবরটি সত্যি নয়। এই পোস্ট দেখে রিচার্জ বা অন্য কোনও সুবিধা পাওয়ার আশায় ব্যক্তিগত তথ্য শেয়ার না করাই নিরাপদ।


