Aaj India Desk, কলকাতা : কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেবতা রূপে প্রতিষ্ঠা করা হয় দিল্লিতে। এবার সেই ভক্তিভাব বজায় রেখেই দুর্গাপুজোর (Durga Puja 2026) মণ্ডপে উঠে আসছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্তুতি। তার জীবন ও রাজনৈতিক সফর নিয়েই এবার গড়ে উঠছে দুর্গাপুজোর থিম। খাস কলকাতার রুবি ক্রসিংয়ে হিন্দু মহাসভার উদ্যোগে আয়োজিত দুর্গাপুজোর থিম রাখা হয়েছে ‘নন্দীগ্রাম থেকে নবান্ন : বুবাইয়ের জয়যাত্রা’। উদ্যোক্তাদের দাবি, শৈশব থেকে রাজনীতিতে প্রবেশ এবং পরবর্তীতে মুখ্যমন্ত্রীর আসনে বসা শুভেন্দুর জীবনের বিভিন্ন অধ্যায়কে মণ্ডপসজ্জা ও দৃশ্য-আখ্যানের মাধ্যমে তুলে ধরা হবে।
শৈশব থেকে রাজনীতির পথ
বুধবার হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী জানান, মণ্ডপে শুভেন্দুর শৈশব, রাজনীতিতে তাঁর আগমন এবং বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে তাঁর ভূমিকার নানা দিক তুলে ধরা হবে। কাঁথির অধিকারী পরিবারের ‘বুবাই’ থেকে কীভাবে তিনি বাংলার মুখ্যমন্ত্রী হলেন, সেই যাত্রাকেই থিমের মূল বিষয় করা হয়েছে। উদ্যোক্তাদের পরিকল্পনা অনুযায়ী, মণ্ডপে শুভেন্দু অধিকারীর একটি প্রতিকৃতিও প্রদর্শিত হবে। পাশাপাশি একটি তথ্যচিত্রের মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ পর্যায়গুলি তুলে ধরার পরিকল্পনা রয়েছে।
মডেল, ম্যুরাল, পটচিত্রে রাজনৈতিক সফর
থিম বাস্তবায়নে মডেল, আলোকচিত্র, ফ্লেক্স প্যানেল, ম্যুরাল এবং তথ্যচিত্র ব্যবহার করা হবে বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। পটচিত্রের মোটিফ-সহ বিভিন্ন শিল্পরীতির মাধ্যমে তৈরি হবে মণ্ডপের দৃশ্য-আখ্যান। উদ্যোক্তাদের বক্তব্য, ঐতিহাসিক তথ্য এবং নান্দনিক উপস্থাপনার সমন্বয়ে দর্শনার্থীদের সামনে শুভেন্দুর জীবন ও রাজনৈতিক সফর তুলে ধরাই তাঁদের লক্ষ্য।
রাজনৈতিক ব্যক্তিত্বকে ঘিরে পুজোর থিম
দুর্গাপুজোর (Durga Puja 2026) থিমে ইতিহাস, পুরাণ, সামাজিক বিষয় কিংবা বিশ্বের বিভিন্ন দর্শনীয় স্থান সাধারণত জায়গা করে নেয়। কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের ব্যক্তিজীবন ও রাজনৈতিক সফরকে কেন্দ্র করে পুজোর থিম তৈরি তুলনামূলকভাবে বিরল।
সেই কারণেই রুবি ক্রসিংয়ের এই পুজো এবারের দুর্গাপুজোয় (Durga Puja 2026) আলাদা নজর কাড়তে পারে বলে মনে করছেন উদ্যোক্তারা। ইতিমধ্যেই থিমকে কেন্দ্র করে মণ্ডপ তৈরির প্রস্তুতি শুরু হয়েছে।


