কলকাতা: হাসপাতালের করিডর থেকে নার্সেস কেবিন, এখন চর্চা এক টুপি নিয়ে! স্বাস্থ্যদপ্তরের নতুন ইউনিফর্ম গাইডলাইনে মহিলা স্টাফ নার্সদের (Nurses dress code)জন্য লেখা হয়েছে, ‘স্মল ক্যাপ’। আর সেই দু’টি শব্দেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। প্রশ্ন একটাই, স্মল ক্যাপটা আসলে কোন টুপি?
ট্র্যাডিশনাল থেকে সার্জিক্যাল, এবার স্মল?
উল্লেখ্য, কোভিডের আগে সরকারি হাসপাতালের নার্সদের পরিচিত পরিচ্ছদ ছিল সাদা ট্র্যাডিশনাল ট্রায়াঙ্গল ক্যাপ। তিনকোণা সেই কাপড়ের টুপিই ছিল নার্সদের ঐতিহ্যবাহী পরিচয় (Nurses dress code)। কিন্তু মহামারির সময় সংক্রমণের আশঙ্কায় তা বাদ দিয়ে চালু হয় ইউজ-অ্যান্ড-থ্রো সার্জিক্যাল ক্যাপ— একবার ব্যবহার করে ফেলে দেওয়া যায়, তাই স্বাস্থ্যবিধির দিক থেকেও তা বেশি নিরাপদ বলে ধরা হয়।
‘স্মল ক্যাপ’ মানে কী?
নার্সেস ইউনিটির দাবি, ট্র্যাডিশনাল টুপিকে কখনও ‘স্মল ক্যাপ’ বলা হয়নি। তাই নতুন সার্কুলারে ঠিক কোন ধরনের ক্যাপ বোঝানো হয়েছে, তা স্পষ্ট করুক স্বাস্থ্যদপ্তর। সংগঠনের বক্তব্য, নার্সদের সঙ্গে আলোচনা ছাড়া এমন একতরফা সিদ্ধান্ত বিভ্রান্তি আরও বাড়াবে।
শুধু টুপিই নয়, গোটা ‘লুক’-এ কড়াকড়ি
নতুন নির্দেশিকায় আরও বলা হয়েছে—
- অলংকার প্রায় সম্পূর্ণ নিষিদ্ধ
- বিবাহিত নার্সরা শুধু শাঁখা-পলা ও ছোট নাকের রিং পরতে পারবেন
- পুরুষ নার্সদের কালো ঢাকা জুতো বাধ্যতামূলক
- চুল ছোট রাখতে হবে, দাঁড়ি-গোঁফ রাখা যাবে না
নেপথ্যে কি মন্ত্রীর ভর্ৎসনা?
সম্প্রতি বর্ধমান মেডিক্যাল কলেজ পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী নার্সদের ইউনিফর্ম (Nurses dress code) নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন বলে দাবি নার্স সংগঠনের। তাদের অভিযোগ, সেই ঘটনার পরই তড়িঘড়ি এই নতুন পোশাকবিধি জারি হয়েছে। যদিও স্বাস্থ্যদপ্তরের তরফে এই নির্দেশিকাকে দাপ্তরিক ইউনিফর্মের মানদণ্ড বলেই তুলে ধরা হয়েছে।


