33 C
Kolkata
Wednesday, August 26, 2026
spot_img

অ্যাপ বাইকে বাড়ি ফেরার পথে বিপত্তি, কেষ্টপুরে লরির ধাক্কায় মৃত বৃদ্ধ

Aaj lndia Desk,উত্তর ২৪ পরগণা : কেষ্টপুরে ভিআইপি রোডে ভয়াবহ দুর্ঘটনাকে ঘিরে মঙ্গলবার রাতে উত্তেজনা ছড়াল। লরির ধাক্কায় মৃত্যু হয়েছে ৬৫ বছরের এক ব্যক্তির। একই ঘটনায় গুরুতর জখম হয়েছেন অ্যাপ বাইকের চালক। দুর্ঘটনার পর রাস্তার নিরাপত্তা এবং গার্ডরেল বসানোর পদ্ধতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে রাস্তায় ব্যারিকেড ও গার্ডরেল ফেলে অবরোধ শুরু হয়। পরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি ও বচসার পরিস্থিতি তৈরি হয়। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগও উঠেছে।

জানা গিয়েছে, মৃতের নাম রাজা রাঠি। বয়স ৬৫ বছর। নারায়ণতলায় তাঁর বাড়ি। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০টা নাগাদ বড়বাজার থেকে অ্যাপ মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি। উল্টোডাঙা থেকে বিমানবন্দরমুখী ফ্ল্যাঙ্ক দিয়ে যাওয়ার সময় কেষ্টপুরের কাছে দুর্ঘটনাটি ঘটে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, রাস্তার একটি গার্ডরেল এড়িয়ে বাইকটি এগিয়ে যাওয়ার সময় পিছন থেকে একটি লরি এসে ধাক্কা দেয়। ধাক্কার অভিঘাতে মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন চালক ও আরোহী। গুরুতর আঘাত পান দু’জনেই। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজা রাঠির। অন্যদিকে, অ্যাপ মোটরসাইকেলের চালক শিবেশ ঝাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরই ক্ষোভ বাড়তে থাকে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভিআইপি রোডের এই অংশে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। তাঁদের দাবি, রাস্তার উপর অপরিকল্পিতভাবে গার্ডরেল এবং ব্যারিকেড রাখার ফলে যান চলাচলে সমস্যা তৈরি হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।

এই অভিযোগ সামনে রেখে ক্ষুব্ধ বাসিন্দারা রাস্তায় থাকা গার্ডরেল সরিয়ে ফেলে পথ অবরোধ করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বাগুইআটি থানার পুলিশের সঙ্গে স্থানীয়দের বচসা শুরু হয়। এরপর পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

অবরোধ এবং দুর্ঘটনার জেরে ভিআইপি রোডে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনাটি কীভাবে ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। বিশেষ করে লরিটির গতিবেগ কত ছিল এবং চালকের কোনও গাফিলতি ছিল কি না, সেই বিষয়গুলিও তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন