কলকাতা: ১৬ এফআইআর! তার মাঝেও হাইকোর্টের নির্দেশে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্বস্তি! তিনটি FIR-সংক্রান্ত মামলায় কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে বড় দিল কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই তিন মামলায় অভিষেকের বিরুদ্ধে কোনওরকম কঠোর বা জবরদস্তিমূলক পুলিশি পদক্ষেপ করা যাবে না।
অভিষেকের (Abhishek Banerjee) বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় মোট ১৬টি FIR দায়ের হয়েছে। তবে আদালত স্পষ্ট জানিয়েছে, এই মামলার শুনানি শুধুমাত্র তিনটি নির্দিষ্ট FIR-কে কেন্দ্র করেই সীমাবদ্ধ। বিচারপতির পর্যবেক্ষণ, এই তিন মামলায় তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই।
তবে অন্তর্বর্তী সুরক্ষার পাশাপাশি একাধিক শর্তও দিয়েছে হাইকোর্ট। তদন্তের স্বার্থে পুলিশ ডাকলে অভিষেককে হাজিরা দিতে হবে এবং সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে হলে পুলিশকে কমপক্ষে ৪৮ ঘণ্টা আগে নোটিশ দিতে হবে।
মঙ্গলবারের শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দাবি করেন, তাঁর বিরুদ্ধে একের পর এক FIR দায়ের হলেও সেগুলির বিষয়ে তাঁকে জানানো হয়নি। FIR এবং অভিযোগের কপি চেয়ে তিনি পুলিশের কাছে আবেদন করেছিলেন। সেই প্রেক্ষিতে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, সমস্ত FIR ও অভিযোগের কপি অভিষেককে সরবরাহ করতে হবে। আদালত আরও জানিয়েছে, মামলার পরবর্তী শুনানি হবে ২৩ নভেম্বর। তার আগে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দিতে হবে পুলিশকে।
এদিকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার বিষয়েও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে হাইকোর্ট। আদালত স্পষ্ট করেছে, সুপ্রিম কোর্টের পূর্ববর্তী নির্দেশ বহাল থাকবে। অর্থাৎ, নির্ধারিত শর্ত মেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন।


