Aaj India Desk, কলকাতা : অন্নপূর্ণা যোজনার (Annapurna Bhandar) টাকা না পাওয়ার অভিযোগে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভের মধ্যেই এবার বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়ে বঞ্চিতদের পাশে থাকার আশ্বাস দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার ও অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলছেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করা হবে এবং ভবিষ্যতে একটি ব্যবস্থা গড়ে তোলার কথাও জানান তিনি।
বিধানসভা নির্বাচনের আগেই এই লক্ষ্মীর ভান্ডার থেকে টাকার পরিমাণ বাড়িয়ে অন্নপূর্ণা ভান্ডারকেই (Annapurna Bhandar) নির্বাচনের হাতিয়ার করেছিল বিজেপি। বিজেপির কর্মীরা বিভিন্ন এলাকায় গিয়ে মহিলাদের দিয়ে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করিয়েছিলেন এবং বিজেপি ক্ষমতায় এলে প্রকল্পের সুবিধা দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন। সেই প্রসঙ্গ তুলে ধরে সোমবার ফেসবুক লাইভে এসে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে, সেই সময় বিজেপির তরফে এই প্রকল্পের যোগ্যতার কোনও শর্ত বা কারণ স্পষ্ট করে জানানো হয়নি। তবে এখন কেনো এই যোগ্যতা নিয়ে এত কড়াকড়ি চলছে ? তিনি বলেন, অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার আশায় বহু মানুষ নির্বাচনের আগেও বিভিন্ন জায়গায় আবেদন করেছিলেন। কিন্তু বর্তমানে সেই প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগ সামনে আসায় তাঁদের মধ্যে বিপুল ক্ষোভ ও বঞ্চনার অনুভূতি তৈরি হয়েছে। এই নিয়ে বিজেপিকে কটাক্ষ করেন তিনি।
পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গেও নিজের অবস্থান স্পষ্ট করেন মমতা। তাঁর দাবি, এই প্রকল্প শুধুমাত্র একটি আর্থিক সহায়তা প্রকল্প হিসেবে তৈরি করা হয়নি। মহিলাদের আত্মসম্মান, আত্মনির্ভরতা এবং নিজেদের প্রয়োজন মেটানোর সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই লক্ষ্মীর ভাণ্ডার চালু করা হয়েছিল। তিনি ফের বলেন, তাঁদের সরকার ক্ষমতায় থাকলে লক্ষ্মীর ভাণ্ডার আজীবন চালিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই প্রকল্পটি তৈরি করা হয়েছিল।
এরপরেই বঞ্চিতদের (Annapurna Bhandar) পাশে থাকার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যাঁরা যোগ্য হয়েও অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ করছেন, তৃনমূল তাঁদের নাম, ঠিকানা, বুথ ও সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করবে। পাড়া থেকে পাড়ায় তালিকা তৈরি করে ভবিষ্যতে একটি সংগঠিত ব্যবস্থার মাধ্যমে তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি।
অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়া নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে অসন্তোষ ও বিক্ষোভ চলছে, তার মধ্যেই মমতার গতকালের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী এভাবে মহিলাদের ভরসা ফের আদায় করতে সক্ষম হবেন কিনা সেটাই এখন মূল চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক মহলে।


