Aaj India Desk, কলকাতা : হঠাৎই হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য (Meera Bhattacharya)। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রীকে শুক্রবার উডল্যান্ড হাসপাতালে ভর্তি করার খবর সামনে আসতেই ছড়িয়েছে উদ্বেগ। শারীরিক পরিস্থিতি দেখে চিকিৎসকেরা তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। যদিও এখনও চিকিৎসকদের পর্যবেক্ষণে তাঁকে হাসপাতালেই থাকতে হবে।
বেশ কিছুদিন ধরেই কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন মীরা ভট্টাচার্য (Meera Bhattacharya)। বাড়িতে চিকিৎসা চললেও শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হচ্ছিল না। শুক্রবার দুপুর ১২টা নাগাদ পেটে ব্যথা ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে যান তিনি। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে ভর্তি করার সিদ্ধান্ত নেন। তাঁর ফুসফুসে সংক্রমণ ছড়িয়েছে বলেও চিকিৎসকদের তরফে জানা গিয়েছে। তবে এই মুহূর্তে উদ্বেগের মতো কিছু নেই বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
মীরা ভট্টাচার্যকে (Meera Bhattacharya) আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা হবে। আজই তাঁর কোলনোস্কোপি করার কথা রয়েছে। মীরা ভট্টাচার্যের আগে থেকেই হৃদ্যন্ত্রের সমস্যা রয়েছে এবং তাঁর পেসমেকার বসানো রয়েছে। ফলে তাঁর শারীরিক অবস্থার দিকে বাড়তি নজর রাখছেন চিকিৎসকেরা।
এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন মীরা ভট্টাচার্যের দ্রুত সুস্থতা কামনা করছেন তাঁর শুভানুধ্যায়ীরা। মায়ের অসুস্থতার খবর পেয়ে একমাত্র ছেলে সুচেতন ভট্টাচার্যও তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি একাধিক বাম নেতাও তাঁর স্বাস্থ্যের প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন।
তবে মীরা ভট্টাচার্যের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে তাঁকে আরও কিছুটা সময় হাসপাতালে থাকতে হবে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট এবং কোলনোস্কোপির উপরই পরবর্তী চিকিৎসার গতিপথ নির্ভর করবে।


