Aaj India Desk, বেঙ্গালুরু : ৮০ তম স্বাধীনতা দিবসে যখন দেশজুড়ে উৎসব ও খুশির আমেজ, তখনই সামনে এল দেশের নিরাপত্তা ঘিরে নতুন উদ্বেগ। পশ্চিমবঙ্গে পরপর পাক গুপ্তচর ও জঙ্গি-যোগের অভিযোগ সামনে আসার মধ্যেই এবার বেঙ্গালুরুতে আটক হলেন উত্তর ২৪ পরগনার এক যুবক। শনিবার তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP)-এর সঙ্গে যোগাযোগ এবং ভারতে হামলার ছক তৈরির অভিযোগে আসাফুল মল্লিক নামক এক ব্যক্তিকে জিগনি এলাকা থেকে আটক করেছে পুলিশ।
কে এই আসাফুল মল্লিক ?
তদন্ত অনুযায়ী, আসাফুল মল্লিক আসাফুল মল্লিকের বয়স ২৫ বছর। তিনি উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া গ্রামের বাসিন্দা। কাজের সূত্রে বেঙ্গালুরুর জিগনি এলাকায় থাকতেন। ২০২৫ সালের ডিসেম্বর থেকে জিগনি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় ‘টাটা অ্যাডভান্সড লিমিটেড’ নামক একটি সংস্থায় নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করছিলেন তিনি।
সন্দেহজনক অনলাইন যোগাযোগ
জিগনি এলাকার এপিসি সার্কেলের কাছে বসবাসকারী আসাফুলের কিছু অনলাইন কার্যকলাপ নিয়ে সন্দেহ তৈরি হয়। সেই সূত্র ধরেই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে আসাফুল পাকিস্তানে মুসলিমদের উপর পাক সেনার অত্যাচারের অভিযোগ নিয়ে ক্ষোভের কথা জানিয়েছেন। মসজিদ ও সাধারণ নাগরিকদের উপর হামলার বিষয় নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেছিলেন।
ফেসবুকের মাধ্যমে ‘ইমরান হায়দার’ নামে আফগানিস্তানের এক ব্যক্তির সঙ্গে আসাফুলের যোগাযোগ তৈরি হয়েছিল। ওই ব্যক্তিই TTP-র সঙ্গে যুক্ত। পুলিশের দাবি, আফগানিস্তানে যাওয়ার জন্য ওই ব্যক্তির সাহায্য চেয়েছিলেন আসাফুল। এমনকি ভিসার জন্য আবেদনও করেছিলেন তিনি। তবে আর্থিক সমস্যা এবং পরিবারের দায়িত্বের কথা ভেবে পরে সেই পরিকল্পনা বাতিল করেন।
তবে আসাফুলের সঙ্গে TTP-র সরাসরি যোগাযোগ আছে কিনা, তিনি আদৌ ভারত হামলার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন কি না, কিংবা তাঁর বিদেশ যাওয়ার পরিকল্পনার নেপথ্যে কী উদ্দেশ্য ছিল তা এখনও অস্পষ্ট। বাজেয়াপ্ত মোবাইলের চ্যাট, কল ও অডিও বার্তা খতিয়ে দেখে সেই উত্তরই খুঁজছে পুলিশ।


