Aaj India Desk, নয়া দিল্লি: ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে লালকেল্লা থেকে ভাষণ দিতে গিয়ে দেশে সশস্ত্র নকশালদের (Naxalism) কথা উল্লেখ করে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, কয়েক দশক ধরে নকশালবাদ ও মাওবাদ দেশের বিস্তীর্ণ অঞ্চল ও বহু মানুষের জীবনকে প্রভাবিত করেছে। তবে শেষ পর্যন্ত সেই নকশালবাদকে রুখতে সক্ষম হয়েছে প্রশাসন।
প্রধানমন্ত্রী বলেন, “প্রায় চার দশক ধরে দেশ জুড়ে নকশালবাদের ভয়ংকর প্রভাব ছিল। বন্দুকের জোরে সাধারণ মানুষের মধ্যে ভয় তৈরি করেছিল নকশালরা। নকশালবাদ (Naxalism) ও মাওবাদ দেশের বহু তরুণের ভবিষ্যৎ কেড়ে নিয়েছে। অসংখ্য পরিবারের স্বপ্ন ভেঙে গিয়েছে।”
নকশালবিরোধী লড়াইয়ে নিরাপত্তাকর্মীদের আত্মত্যাগের কথাও তুলে ধরেন মোদী। তাঁর দাবি, সাধারণ মানুষকে রক্ষা করতে গিয়ে ৩৫০০-এর বেশি পুলিশ ও নিরাপত্তাকর্মী প্রাণ হারিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, এই সংখ্যা যুদ্ধক্ষেত্রে প্রাণ হারানো মানুষের সংখ্যার সঙ্গে তুলনীয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, “২০১৪ সালে সরকার ক্ষমতায় আসার পর ২০২৬ সালের মধ্যে নকশালবাদ নির্মূলের সংকল্প নেওয়া হয়েছিল। সেই সংকল্প আমি পূরণ করেছি। ধারাবাহিক অভিযানের ফলে এখন মাওবাদী হিংসা প্রায় শেষ হয়ে এসেছে। দেশের একাধিক এলাকা নকশালমুক্ত হয়েছে, সেখানে এখন উন্নয়নের কাজ এগিয়ে চলেছে।”
তবে সশস্ত্র নকশালদের প্রভাব কমলেও ‘ইন্টেলেকচুয়াল নকশাল’ শব্দবন্ধ ব্যবহার করে মোদী দাবি করেন, “নকশাল মতাদর্শের প্রভাব এখনও রয়েছে। এরা সুযোগের অপেক্ষায় থাকে। যারা এই ধরনের মতাদর্শ ছড়িয়ে দেয়, সেই ‘দিমাগি নকশালদের’ চিহ্নিত করে বিচ্ছিন্ন করতে হবে।”
প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন, অতীতে সরকারি কমিটিগুলির উপর নকশালপন্থী (Naxalism) চিন্তাধারার প্রভাব পড়েছিল। তবে সেই প্রভাব এখন শেষ হয়েছে। এবার ২১ শতকে এসে নকশালবাদ ও মাওবাদের মতো চ্যালেঞ্জের মোকাবিলা করেই দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


