Aaj India Desk, কলকাতা: তৃণমূল কংগ্রেসের (All India Trinamool Congress) নাম ও নির্বাচনী প্রতীকের অধিকার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের সংঘাত ক্রমশ নতুন মাত্রা নিচ্ছে। দলের প্রকৃত সাংগঠনিক শক্তি কার হাতে, তা প্রমাণ করতে এবার নির্বাচন কমিশনের (Election Commission of India) কাছে বিপুল পরিমাণ নথি জমা দিল মমতা-শিবির। রবিবার তিনটি ট্রাকে করে কমিশনের দফতরে পৌঁছয় সেই নথি। কিন্তু নথি জমা দেওয়ার পর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) একটি মন্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা। প্রশ্ন উঠছে, ঋতব্রত-শিবিরের বিধায়কদের একাংশ কি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ঝুঁকছেন?
তিন ট্রাকে কী কী নথি জমা দিল মমতা-শিবির?
নির্বাচন কমিশনে জমা দেওয়া নথির বিস্তারিত তথ্য সামনে এনেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, সমস্ত নথির হার্ড কপি ও সফট কপি কমিশনের হাতে তুলে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, জমা দেওয়া নথির প্রতিলিপি প্রতিপক্ষ শিবিরকেও দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
মমতা-শিবিরের দাবি, লোকসভার আটজন এবং রাজ্যসভার ন’জন, অর্থাৎ মোট ১৭ জন সাংসদের স্বাক্ষর করা হলফনামা জমা পড়েছে। পাশাপাশি ৩২ জন বিধায়কের সমর্থনের নথিও রয়েছে। মেঘালয়ের (Meghalaya) পাঁচজন এবং অসমের (Assam) পাঁচজন বিধায়কের সমর্থনপত্রও জমা দেওয়া হয়েছে।
এছাড়াও তৃণমূলের ১৪ জন প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে। বাকি ছ’জনের সমর্থন পেয়েছে মমতা-শিবির। কাউন্সিলর ও অন্যান্য জনপ্রতিনিধিদের হলফনামার পাশাপাশি দু’লক্ষেরও বেশি প্রাথমিক সদস্যের সমর্থনের নথিও কমিশনে জমা দেওয়া হয়েছে। প্রতিটি হলফনামার সঙ্গে স্ট্যাম্প পেপারে সংশ্লিষ্ট ব্যক্তির ছবি এবং ভোটার কার্ডের ফটোকপি যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন কল্যাণ।
৩২ বিধায়কের সই, তাহলে কি ঋতব্রত-শিবিরে ভাঙন?
এই লড়াইয়ে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে বিধায়কদের সমর্থনের হিসাব। ঋতব্রত-শিবিরের (Ritabrata Banerjee Camp) তরফে আগে দাবি করা হয়েছিল, তাঁদের সঙ্গে রয়েছেন ৬০ জনেরও বেশি বিধায়ক। পরবর্তী সময়ে সেই সংখ্যা ৬২ থেকে ৬৪ বলে দাবি করেন শিবিরের নেতা শান্তনু সেন (Shantanu Sen)।
অন্যদিকে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, ৩২ জন বিধায়কের স্বাক্ষর রয়েছে মমতা-শিবিরের জমা দেওয়া হলফনামায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ঋতব্রত-শিবিরের বিধায়কদের একাংশ কি অবস্থান বদল করেছেন?
এই প্রশ্নের উত্তরে কল্যাণের দাবি, ঋতব্রতদের শিবিরের বিধায়কেরাও তাঁদের সমর্থনে সই করেছেন। তাঁর কথায়, “ওদের দিকে সই করেনি, আমাদের দিয়েছে।”
পাল্টা দাবি শান্তনু সেনের
তবে কল্যাণের এই বক্তব্য মানতে নারাজ শান্তনু সেন। তাঁর দাবি, ৬২ থেকে ৬৪ জন বিধায়ক এখনও ঋতব্রত-শিবিরের সঙ্গেই রয়েছেন। ফলে দুই পক্ষের বিধায়ক সংখ্যার দাবি সম্পূর্ণ আলাদা।
সব মিলিয়ে তৃণমূলের নাম ও প্রতীকের অধিকার নিয়ে লড়াই এখন নতুন মোড়ে। একদিকে তিন ট্রাক নথি জমা দিয়ে নিজেদের সাংগঠনিক শক্তি প্রমাণের চেষ্টা মমতা-শিবিরের, অন্যদিকে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আত্মবিশ্বাসী ঋতব্রত-শিবির। শেষ পর্যন্ত নির্বাচন কমিশন কার দাবিকে স্বীকৃতি দেয়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।


