30 C
Kolkata
Saturday, August 15, 2026
spot_img

“অন্য দেশের ওপর নির্ভরশীল হলে চলবে না”— স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে কী বার্তা মোদীর ?

Aaj India Desk, নয়া দিল্লি : ৮০তম স্বাধীনতা দিবসে (Independence Day) লালকেল্লা থেকে ২০৪৭ সালের মধ্যে ‘উন্নত ভারত’ গড়ার লক্ষ্যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, এখন আর ছোট ছোট স্বপ্ন দেখার সময় নেই। বড় লক্ষ্য নিয়ে ‘আত্মনির্ভর ভারত’ গড়ার পথে এগোতে হবে। একইসঙ্গে ভারতের উন্নয়নের জন্য একাধিক পরিকল্পনার কথা জানান তিনি।

আত্মনির্ভর ভারতের বার্তা

শনিবার লালকেল্লা থেকে আন্তর্জাতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “ভারতের নিজের প্রয়োজন মেটানোর মতো সক্ষমতা তৈরি করতে হবে। অন্য দেশের উপর নির্ভরশীল থাকা যাবে না।” দেশের স্বার্থ সুরক্ষিত করার জন্যই আত্মনির্ভরতার পথে এগোনোর বার্তা দেন তিনি। সাথে ‘মেক ইন ইন্ডিয়া’, ‘স্বদেশি’ এবং ‘লোকাল ফর লোকাল’এর মতো উদ্যোগে আরও বেশি মানুষকে যুক্ত হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, দেশীয় উৎপাদনের পাশাপাশি পণ্যের গুণমানের ক্ষেত্রেও কোনও আপস করা যাবে না। (Independence Day)

সেমিকন্ডাক্টর উৎপাদনে নজর

ডিজিটাল ও প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে সেমিকন্ডাক্টরের গুরুত্বের কথাও তুলে ধরেন মোদী। ইলেকট্রনিক পণ্য, চিকিৎসা সরঞ্জাম এবং পরিবহণ ব্যবস্থা—প্রায় সব ক্ষেত্রেই চিপের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী জানান, ভারতে সেমিকন্ডাক্টর উৎপাদনে আত্মনির্ভর হওয়ার কাজ এগোচ্ছে। তাঁর বক্তব্য অনুযায়ী, তিনটি বড় সেমিকন্ডাক্টর কারখানায় উৎপাদন শুরু হয়েছে এবং আগামী কয়েক বছরে আরও কয়েকটি কারখানা চালু করার পরিকল্পনা রয়েছে।

স্বাধীনতা দিবসে কী কী নতুন পরিকল্পনা? 

স্বাধীনতা দিবসের (Independence Day) ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক নতুন পরিকল্পনার কথা জানান। পড়ুয়া ও তাঁদের পরিবারের আর্থিক চাপ কমাতে বিভিন্ন প্রতিযোগিতামূলক এবং প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির জন্য বিনামূল্যে অনলাইন কোচিং পরিষেবা চালুর সিদ্ধান্তের কথা জানান তিনি। পাশাপাশি আগামী এক বছরের মধ্যে ১ কোটি যুবক যুবতীকে এআই প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে ভারতের সামুদ্রিক সম্পদকে ব্যবহার করে ব্লু ইকোনমি গড়ে তোলার বার্তা দেন তিনি। এছাড়া চলচ্চিত্র, বিনোদন, গেমিং, ডিজিটাল ক্রিয়েটিভিটি, ক্রিয়েটরস ইকোনমিতে ভারতের উন্নয়নের সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি।

ভাষণের শেষে তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতি যতই কঠিন হোক, দৃঢ় সংকল্প থাকলে তার মোকাবিলার পথও তৈরি করা সম্ভব। তাই উন্নয়নের জন্য আত্মবিশ্বাস ও আত্মনির্ভর ভারত গড়ে তোলার উপরই জোর দেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন