31.7 C
Kolkata
Sunday, August 9, 2026
spot_img

দেশভাগের যন্ত্রণা স্মরণে ১৩-১৪ অগস্ট ‘দেশভাগ স্মরণ দিবস’! জেলায় জেলায় থাকছে বিশেষ কর্মসূচি

Aaj India Desk, কলকাতা: ভারত ভাগের সময় সাধারণ মানুষের অসহ্য যন্ত্রণা, ত্যাগ, ঘরছাড়া হওয়ার কষ্ট এবং পরবর্তীকালে নতুন করে জীবন শুরু করার লড়াইকে স্মরণ করতে আগামী ১৩ ও ১৪ অগস্ট ‘দেশভাগ স্মরণ দিবস’ পালন করবে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। এই উপলক্ষে রাজ্যের প্রতিটি জেলাতেই একাধিক কর্মসূচির আয়োজন করা হবে।

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের নির্দেশের ভিত্তিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব ড. সৌমিত্র মোহন (IAS) ইতিমধ্যেই সমস্ত জেলার জেলা শাসকদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।

নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশভাগের সেই ভয়াবহ সময়ের স্মৃতি এবং ক্ষতিগ্রস্ত মানুষের ত্যাগকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। জেলা প্রশাসনকে স্থানীয় বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সরকারি দফতরের সঙ্গে সমন্বয় করে অনুষ্ঠান আয়োজন করতে বলা হয়েছে।

এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হবে ১৪ অগস্ট সন্ধ্যার ক্যান্ডেল মার্চ। প্রতিটি জেলার সদর এলাকায় উপযুক্ত জায়গায় এই মোমবাতি মিছিল আয়োজন করা হবে। সরকারি কর্মী, পড়ুয়া, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষও এতে অংশ নিতে পারবেন।

এছাড়াও ১৩ ও ১৪ অগস্ট জেলার গুরুত্বপূর্ণ এবং জনবহুল এলাকাগুলিতে দেশভাগ নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। সেখানে দেশভাগের ইতিহাস, সেই সময় মানুষের উপর তার প্রভাব, উদ্বাস্তুদের ঘুরে দাঁড়ানোর লড়াই এবং বিভিন্ন পুরনো ছবি ও নথি তুলে ধরা হবে। স্কুল পড়ুয়াদেরও এই প্রদর্শনী দেখার জন্য উৎসাহিত করার কথা বলা হয়েছে।

এর পাশাপাশি কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের কাছ থেকে পাওয়া তথ্যচিত্র ও ডকুমেন্টারি ফিল্মও প্রদর্শন করা হবে। এর মাধ্যমে দেশভাগের ইতিহাস এবং সেই সময়ের মানুষের অভিজ্ঞতা সাধারণ মানুষের কাছে আরও সহজভাবে তুলে ধরার চেষ্টা করা হবে। এই সমস্ত কর্মসূচি আয়োজনের জন্য প্রতিটি জেলাকে ৩০ হাজার টাকা করে সরকারি অর্থ বরাদ্দ করা হবে। জেলা শাসকদের স্থানীয় পরিস্থিতি এবং সংশ্লিষ্ট দফতরগুলির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন