26.5 C
Kolkata
Friday, August 7, 2026
spot_img

আর নয় ‘জালিয়াতি’! খেলোয়াড়দের ফিটনেসে বড় বদল আনছে BCCI

Aaj lndia Desk,মুম্বাই: ভারতীয় ক্রিকেটে সাম্প্রতিক সময়ে একের পর এক ক্রিকেটারের চোট উদ্বেগ বাড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)-র। এই পরিস্থিতিতে খেলোয়াড়দের ফিটনেস মূল্যায়ন এবং পুনর্বাসন প্রক্রিয়াকে আরও কঠোর ও স্বচ্ছ করতে বড় পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্স (CoE)-এর মেডিক্যাল টিম ইতিমধ্যেই নতুন ফিটনেস কাঠামো তৈরির কাজ শুরু করেছে। টাইমস অফ ইন্ডিয়া-র একটি রিপোর্ট অনুযায়ী, বোর্ডের লক্ষ্য হল সমস্ত ক্রিকেটারের জন্য একটি স্ট্যান্ডার্ডাইজড বেস ফিটনেস প্যারামিটার তৈরি করা, যাতে ভবিষ্যতে ফিটনেস নিয়ে কোনও ধরনের বিভ্রান্তি বা অসঙ্গতি না থাকে।

ফিটনেস পরীক্ষায় বড় বদল, গুরুত্ব পাচ্ছে ব্রঙ্কো টেস্ট

গত বছর সোহম দেশাইয়ের জায়গায় টিম ইন্ডিয়ার স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে দায়িত্ব নেন অ্যাড্রিয়ান লেরু। তাঁর আসার পর থেকেই ফিটনেস মূল্যায়নের পদ্ধতিতে পরিবর্তন আনা হয়। রিপোর্টে দাবি করা হয়েছে, এতদিন মেডিক্যাল টিমের মধ্যে খেলোয়াড়দের ফিটনেস মূল্যায়ন নিয়ে সমন্বয়ের অভাব ছিল। সেই কারণেই প্রচলিত ইয়ো-ইয়ো টেস্টের পরিবর্তে ব্রঙ্কো টেস্টকে মূল ফিটনেস পরীক্ষার ভিত্তি হিসেবে বেছে নেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে হবে পরীক্ষা

সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে ব্রঙ্কো টেস্টের নিয়মে। আগে এই পরীক্ষার জন্য কোনও নির্দিষ্ট ন্যূনতম সময়সীমা ছিল না। তবে ইংল্যান্ড সফরে একাধিক ক্রিকেটারের চোটের বিষয়টি সামনে আসার পর CoE-এর মেডিক্যাল টিম বিভিন্ন ড্রিল সম্পন্ন করার জন্য ৫.১৫ থেকে ৫.২০ মিনিটের বাধ্যতামূলক সময়সীমা নির্ধারণ করেছে। এখন থেকে এই মানদণ্ড পূরণ করতে পারলেই নির্বাচনের ক্ষেত্রে ক্রিকেটারদের ফিট হিসেবে বিবেচনা করা হবে। উল্লেখ্য, আগে ইয়ো-ইয়ো টেস্টে ন্যূনতম ১৬.৫ স্কোর এবং ২ কিলোমিটার দৌড় বা ২কে টেস্ট শেষ করার জন্য ৯ থেকে ১০ মিনিটের সময়সীমা নির্ধারিত ছিল।

ফিটনেসে আর কোনও ছাড় নয়

রিপোর্টে আরও দাবি করা হয়েছে, ভারতীয় ক্রিকেটাররা এখনও ব্রঙ্কো টেস্টে পুরোপুরি অভ্যস্ত নন। তাই প্রত্যেকের জন্য আলাদা প্যারামিটার তৈরি করেছিল সেন্টার অফ এক্সিলেন্স। এমনকি BCCI সূত্রের দাবি, কিছু সিনিয়র ক্রিকেটারকে তুলনামূলক সহজ লক্ষ্য দেওয়া হতো এবং টিম ম্যানেজমেন্টের চাহিদা অনুযায়ী হর্ষিত রানা ও নীতীশ কুমার রেড্ডির মতো ক্রিকেটারদের ফিট ঘোষণা করা হতো। এই অভিযোগ সামনে আসার পর BCCI সচিব দেবজিৎ সাইকিয়া ফিজিও কমলেশ জৈনকে সতর্ক করেছেন। সব মিলিয়ে, ভবিষ্যতে ক্রিকেটারদের ফিটনেস মূল্যায়নে আরও কঠোর ও স্বচ্ছ নীতি অনুসরণ করবে ভারতীয় ক্রিকেট বোর্ড, এমনটাই স্পষ্ট।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন