Aaj India Desk, কলকাতা : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে গিয়ে চোখের চিকিৎসার অনুমতি চেয়ে করা মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ ঘিরে রাজনৈতিক বিতর্কের মধ্যেই নতুন প্রস্তাব দিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)। তাঁর বক্তব্য, প্রয়োজন হলে অভিষেকের চিকিৎসককে বিদেশ থেকে ভারতে আনা হোক। সেই চিকিৎসকের বিমানভাড়া-সহ প্রয়োজনীয় খরচ বহন করতেও সাহায্য করতে প্রস্তুত রয়েছেন তাঁরা।
হাইকোর্টের নির্দেশের মাঝেই নওশাদের প্রস্তাব
বুধবার এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui) বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন হওয়ায় তিনি মামলার আইনি দিক নিয়ে মন্তব্য করতে চান না। তবে যেহেতু কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে, তাই প্রয়োজন হলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পূর্বতন চিকিৎসককে বিদেশ থেকে কলকাতায় এনে চিকিৎসার ব্যবস্থা করা যেতে পারে।
তিনি বলেন, “কলকাতা পিজি হাসপাতালে সেই চিকিৎসককে আনার ব্যবস্থা করা হোক। বিমানভাড়া বা অন্য কোনও খরচের প্রয়োজন হলে আমরা আছি, প্রয়োজন হলে সাহায্য করব। একজন সাংসদের দৃষ্টিশক্তি রক্ষার দায়িত্ব যদি আমরা নিতে না পারি, তার চেয়ে দুর্ভাগ্যের আর কী হতে পারে?”
কী নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট?
বিদেশে গিয়ে জটিল চোখের চিকিৎসার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার মামলার শুনানিতে আদালত জানিয়ে দেয়, তাঁর বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন থাকায় এই মুহূর্তে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া সম্ভব নয়। আদালতের নির্দেশ অনুযায়ী, বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে উপস্থিত হতে হবে। সেখানে চক্ষু বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি বিশেষ মেডিক্যাল বোর্ড তাঁর চোখের পরীক্ষা করবে।
মেডিক্যাল বোর্ডের রিপোর্টের অপেক্ষা
আদালত নির্দেশ দিয়েছে, পরীক্ষার পর মেডিক্যাল বোর্ড সরাসরি আদালতে রিপোর্ট জমা দেবে। ওই রিপোর্টে জানাতে হবে, ভারতে বা পশ্চিমবঙ্গেই প্রয়োজনীয় চিকিৎসা সম্ভব কি না। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী শুনানিতে বিদেশে চিকিৎসার অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত।
শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতকে জানান, অতীতে যে চিকিৎসকের কাছে তাঁর চিকিৎসা হয়েছিল, তাঁর কাছেই ফের চিকিৎসা করাতে বিদেশে যেতে চান অভিষেক। তবে আদালত স্পষ্ট করে জানায়, এই মুহূর্তে চিকিৎসা নিশ্চিত করাই প্রধান বিষয়, চিকিৎসার স্থান নয়। এই পরিস্থিতিতেই নওশাদ সিদ্দিকির বিদেশি চিকিৎসককে ভারতে এনে চিকিৎসার প্রস্তাব রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।


