Aaj India Desk, কলকাতা: রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। কিন্তু বিজেপির (BJP) সব বিষয়ে মন্তব্য করার অধিকার তাঁর নেই বলেই স্পষ্ট জানালেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে এনসিপিআই (NCPI) সাংসদদের বৈঠক নিয়ে প্রশ্ন করা হলেও সেই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক। পাশাপাশি তিনি বলেন, তাঁদের দলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দেশ।
কী বললেন অগ্নিমিত্রা পাল?
মঙ্গলবার নয়াদিল্লির বঙ্গভবনে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠক নিয়ে সাংবাদিকরা অগ্নিমিত্রা পালের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “এই বিষয়ে আমি কিছু বলব না। আমাদের দলে শীর্ষ নেতৃত্ব রয়েছেন। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আছেন। তাঁরাই এই ধরনের বিষয়ে সিদ্ধান্ত নেন। আমি মন্ত্রী হলেও দলের প্রতিটি বিষয়ে মন্তব্য করার অধিকার আমার নেই।” তিনি আরও বলেন, “আমাদের কাছে সবচেয়ে আগে দেশ। এরপর রাজ্য ও দলের স্বার্থের কথা আসে। দেশের জন্য যা ভালো, সেটাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
এদিকে, প্রাক্তন তৃণমূল বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শশী পাঁজার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে গত কয়েকদিন ধরে নানা জল্পনা চলছে। এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়েও আলোচনা শুরু হয়েছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে অগ্নিমিত্রা স্পষ্ট বলেন, “কে কোন দলে যাচ্ছেন বা কে নতুন দল করছেন, তা নিয়ে আমি একেবারেই ভাবি না। আমরা মুখ্যমন্ত্রীর টিমের সদস্য হিসেবে সারাদিন রাজ্যের উন্নয়নের কাজ নিয়ে ব্যস্ত থাকি। কোথায় নতুন ফ্লাইওভার হবে, কোথায় উন্নয়ন করা যাবে এবং ২০২৭ সালের মধ্যে গোটা রাজ্যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ব্যবস্থা চালু করা যায়, সেই কাজই আমাদের অগ্রাধিকার। অন্য রাজনৈতিক জল্পনা নিয়ে ভাবার মতো সময় আমাদের নেই।”


