Aaj India Desk, নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) সঙ্গে ফের বৈঠক করলেন এনসিপিআই (NCPI)-এর লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। গত সপ্তাহেও প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক হয়েছিল। তার এক সপ্তাহের মধ্যেই সোমবার রাতে আবারও মোদীর সঙ্গে দেখা করেন তিনি। এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে নানা জল্পনা শুরু হয়েছে।
এদিকে মঙ্গলবার এনডিএ (NDA)-র শরিক দলগুলির বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে এনসিপিআই প্রতিনিধিদের। একই দিনে বঙ্গভবনে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই গুরুত্বপূর্ণ বৈঠকের ঠিক আগে সুদীপের প্রধানমন্ত্রী-সাক্ষাৎকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।
এর আগে ১৮ জুলাই বাদল অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই সময় এনসিপিআই-এর ভবিষ্যৎ ভূমিকা এবং বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছিল বলে জানা যায়। পাশাপাশি, গুরুত্বপূর্ণ বিলগুলি পাস হয়ে যাওয়ার পরেও যেন সরকার তাঁদের গুরুত্ব দেয়, সেই আবেদনও তিনি প্রধানমন্ত্রীর কাছে জানিয়েছিলেন।
সূত্রের খবর, সোমবার রাতের বৈঠকে মূলত উন্নয়নমূলক বিষয় নিয়েই আলোচনা হয়েছে। যদিও বৈঠকের বিস্তারিত বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।
সুদীপ বন্দ্যোপাধ্যায় ছাড়াও সম্প্রতি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করেছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। বৈঠকের পর তিনি জানান, নিজের লোকসভা কেন্দ্রের উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়েও তাঁদের মধ্যে কথা হয়েছে। নিজের একটি বড় প্রকল্পের পরিকল্পনার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছেন বলেও জানান শতাব্দী। প্রকল্পটি চূড়ান্ত হলে পরে তা প্রকাশ্যে আনার কথা বলেন তিনি।
উল্লেখ্য, এনসিপিআই সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠক গত ২৮ জুলাই হওয়ার কথা ছিল। কিন্তু সে সময় দিল্লি সফরের কারণে সেই বৈঠক হয়নি। পরে নবান্নে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রীর মধ্যে দীর্ঘ বৈঠক হলেও, কী নিয়ে আলোচনা হয়েছে তা প্রকাশ করেননি কেউই। রাজনৈতিক সূত্রের দাবি, মঙ্গলবারের বৈঠকে এনসিপিআই-এর ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়েই মূল আলোচনা হতে পারে।


