Aaj India Desk, নয়া দিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (Narendra Modi AI Videos) ব্যবহার করে তৈরি একাধিক ভুয়ো ভিডিও ও পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার অভিযোগে মেটা ইন্ডিয়ার প্রধান অরুণ শ্রীনিবাসের বিরুদ্ধে দায়ের হয়েছে FIR। ইতিমধ্যেই এই বিষয়ে তদন্ত শুরু করেছে হায়দরাবাদ পুলিশের সাইবার ক্রাইম উইং।
কী অভিযোগ পুলিশের?
প্রধানমন্ত্রীকে ঘিরে তৈরি বিভিন্ন এআই-নির্ভর ভুয়ো ভিডিও ও পোস্টে কখনও তাঁর পদত্যাগপত্র, কখনও বিতর্কিত বার্তা বা ভুয়ো ঘোষণা (Narendra Modi AI Videos) ছড়িয়ে পড়েছে। এই কনটেন্টগুলির সত্যতা যাচাই করতে না পেরে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন বলে অভিযোগ পুলিশের। এই পরিস্থিতিতে মেটার ভারতীয় প্ল্যাটফর্মগুলিতে বিভ্রান্তিকর এআই কনটেন্ট নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় আনা হয়েছে।
সমন থেকে এফআইআর
তদন্তের অংশ হিসেবে এর আগেই মেটার প্রতিনিধিদের তলব করেছিল হায়দরাবাদ পুলিশের সাইবার ক্রাইম শাখা। এআই-তৈরি বিভ্রান্তিকর কনটেন্টের বিস্তার রোধে সংস্থা কী পদক্ষেপ নিয়েছে, তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এর কিছুদিন পরেই মেটা ইন্ডিয়ার প্রধান অরুণ শ্রীনিবাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
তদন্তে কী খতিয়ে দেখা হচ্ছে?
পুলিশ জানিয়েছে, এই ভুয়ো এআই কনটেন্টের উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে। কারা এই কনটেন্ট তৈরি করছে, কারা আপলোড বা শেয়ার করছে এবং কী উদ্দেশ্যে তা ছড়ানো হচ্ছে, সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে মেটার কনটেন্ট মডারেশন ব্যবস্থা এ ধরনের ভুয়ো তথ্য রুখতে কতটা কার্যকর, তাও তদন্তের অংশ।
এর কয়েক দিন আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি জনপ্রিয় ভিডিও মেটার প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া দেখা যায়। কেন্দ্রের তরফে সমন পাওয়ার পর মেটা তাদের অবস্থান ব্যাখ্যা করে এবং ভবিষ্যতে প্রধানমন্ত্রী-সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কনটেন্ট অনিচ্ছাকৃতভাবে সরিয়ে না যাওয়ার জন্য অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।
উল্লেখ্য, শীঘ্রই মেটার প্রতিনিধিদের সঙ্গে সরকারি আধিকারিকদের বৈঠক হতে পারে। তার আগেই মেটা ইন্ডিয়ার প্রধানের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ায় বিষয়টি নতুন আইনি মাত্রা পেল। এবার তদন্তের অগ্রগতির ওপরই পুলিশের পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে।


