Aaj lndia Desk, কলকাতা: ভরা বর্ষার মাঝেই ফের দুর্যোগের আশঙ্কা বাড়াল বঙ্গোপসাগরের নিম্নচাপ। অতি গভীর নিম্নচাপটি স্থলভাগে প্রবেশ করায় সোমবার সকাল থেকেই রাজ্যের আবহাওয়ার বড় পরিবর্তন দেখা গিয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দিন বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় সবচেয়ে বেশি সতর্কতা জারি করা হয়েছে। এই দুই জেলায় অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়াতেও প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। নিম্নচাপের প্রভাবে এসব এলাকায় জল জমা ও স্বাভাবিক জনজীবন ব্যাহত হতে পারে।
কলকাতাও এই দুর্যোগ থেকে বাদ যাচ্ছে না। ভোর থেকেই শহরের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। সারাদিনই কলকাতা ও আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে অফিসযাত্রী ও সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। টানা বর্ষণের জেরে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাশাপাশি উত্তরবঙ্গের আরও কয়েকটি জেলায় আগামী ৪৮ ঘণ্টার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে।
সমুদ্রও এখন বেশ উত্তাল। তাই আগামী ২৯ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা ইতিমধ্যেই সমুদ্রে রয়েছেন, তাঁদের দ্রুত উপকূলে ফিরে আসার পরামর্শ দিয়েছে প্রশাসন। সব মিলিয়ে সপ্তাহের প্রথম দিনেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জেরে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।


